চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
লকডাউনে কীভাবে ট্রেনে করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত আরপিএফ জওয়ানদের বাংলায় আনা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। শুক্রবার এক বিবৃতি জারি করে তৃণমূলের জাতীয় মুখপাত্র প্রশ্ন তুলেছেন, “লকডাউনের মধ্যে তাঁরা কী ভাবে ট্রেনে করে কলকাতায় এলেন? তাঁদের কি যথাযথ স্ক্রিনিং হয়েছিল? কতজনের সংস্পর্শে তাঁরা এসেছিলেন?” খড়্গপুরের ছয়জন ও উলুবেড়িয়া, মেছেদা ও মেদিনীপুরের একজনের করে শরীরে করোনা পজিটিভ মিলেছে বলে জানা গিয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ এবং ওড়িশার আরপিএফের দুটি দল দিল্লি গিয়েছিল অস্ত্র আনতে। ট্রেনে করে গত ১৪ এপ্রিল তাঁরা কলকাতায় ফেরেন। এরপর ১৮ এপ্রিল ওড়িশার ভদ্রকে কর্মরত এক আরপিএফ কর্মীর কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। তাঁর সূত্রেই বাংলা থেকে যাওয়া আরপিএফ কর্মীদের চিহ্নিত করা হয়। খড়্গপুরের ১৮ জন আরপিএফ কর্মীকে রেলের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে।
প্রথম ধাপে ১০ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয় টেস্টের জন্য। তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে। পরের ধাপে বাকি আটজনের নমুনা পাঠানো হয়। তাদের ছ’জনের করোনা ভাইরাস পজিটিভ এসেছে। এছাড়াও উলুবেড়িয়া, মেছেদা এবং মেদিনীপুরের একজন করে আরপিএফ করোনা পজিটিভ ধরা পড়েছে। সেই তালিকায় সংক্রমণ ধরা পড়ায় প্রশ্ন তুলেছেন ডেরেক ও’ব্রায়েন (Derek O Brien)।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news