নীল রায়:
এবার তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েনকে নোটিস পাঠাল সিবিআই। সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি বিক্রয় সংক্রান্ত ব্যাপারে তাকে জেরা করতে ডাকা হয়েছে। এর আগেও তাঁকে একবার নোটিশ পাঠিয়েছিল সিবিআই। কিন্তু সে যাত্রায় কোনোরকম উত্তর দেননি তিনি। এই নিয়ে দ্বিতীয়বার তাকে নোটিশ ধরাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
মুখ্যমন্ত্রীর আঁকাছবি কেনাবেচায় নাম জড়িয়েছে সারধা ও রোজভ্যালির মতো চিটফান্ড সংস্থার মালিকদের নাম। তাই ছবি বিক্রি নিয়ে তদন্তে নেমেছে গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক মানিক মজুমদারের কালীঘাটের বাড়িতে হানা দেয় সিবিআইয়ের একটি দল। জানা গিয়েছে, তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলার’ হিসেবনিকেশ জানতে চেয়ে এর আগে মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক মানিক মজুমদারকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবির ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল এই কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। সূত্রের খবর, বৃহস্পতিবার মানিক মজুমদারের কালীঘাটের বাড়িতে গিয়ে এ ব্যাপারে তাঁকে জেরা করেন সিবিআইয়ের অফিসাররা। এই ঘটনার রেশ কাটতে না কাটতে এদিন সন্ধ্যায় জানা যায় ডেরেক ও ব্রায়েনকেও একই ঘটনায় তলব করেছে তারা।
এর আগে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন সাংসদ সিবিআই জেরার মুখে পড়েছেন। লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কৃষ্ণনগরের অভিনেতা সাংসদ তাপস পাল বেশ কিছুদিন জেলে কাটিয়েছেন। মাসখানেক আগেই সিবিআই তলব পেয়ে সল্টলেকের সিজিও কম্প্লেক্স গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা রাজ্য সভাপতি সাংসদ সুব্রত বক্সি। তখন থেকেই শোনা যাচ্ছিল তৃণমূল কংগ্রেসের আরও একজন প্রথমসারির সাংসদকে ছবি বিক্রি কাণ্ডে জেরা করতে পারে সিবিআই। এদিন সন্ধ্যায় ডেরেক ও ব্রায়েনকে নোটিশ পাঠানোর খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে জল্পনার অবসান হয়।
এদিন সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে বিজেপি পরিচালিত নরেন্দ্র মোদী সরকার তথা সিবিআইয়ের বিরুদ্ধে তোপ দাগেন ডেরেক। তিনি বলেন, “রাজনৈতিক হাতিয়ার হিসেবে সিবিআইয়ের মত সংস্থাকে ব্যবহার করা হচ্ছে, নিচুমানের রাজনীতি করতে করছেন বিজেপির নেতারা। বেছে বেছে বিরোধী রাজনৈতিক দলগুলিকে নিশানা করে অযথা হেনস্থা করছে।”
তৃণমূল শীর্ষ নেতৃত্বের অভিযো,গ আগামী লোকসভা ভোটের আগে এভাবেই দেশজুড়ে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলিকে সিবিআই তথা ইডির মতো তদন্তকারী সংস্থার হেনস্থার মুখে পড়তে হবে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই। প্রসঙ্গত, যে কারণে এদিন মানিক মজুমদারের কালীঘাটের বাড়িতে গিয়ে তাকে জেরা করে সিবিআই, সেই একই কারণে তৃণমূলের জাতীয় মুখপাত্রকেও জেরার সম্মুখীন হতে হবে। উল্লেখ্য, ছবি বিক্রির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রযোজক শ্রীকান্ত মোহতাকেও। বর্তমানে তিনি ভুবনেশ্বরে সিবিআইয়ের জিম্মায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news