চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
২০০ কিলোমিটার হাঁটার পর দিল্লিতে কর্মরত মধ্যপ্রদেশের এক ডেলিভারি বয়ের মৃত্যু হল হাইওয়েতে। শনিবার দিল্লি থেকে মোরেনায় যাওয়ার পথে আগ্রার রাস্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।জানা গিয়েছে মৃতের নাম রণবীর সিং। তাঁর বয়স ৩৯ বছর। একটি অনলাইন ডেলিভারি সংস্থার হয়ে দিল্লিতে কাজ করতেন মধ্যপ্রদেশের এই যুবক। তাঁর বাড়ি মধ্যপ্রদেশের মোরেনা এলাকায়। লকডাউনের জেরে কাজ বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন রণবীর সিং। কিন্তু, তাঁর আর বাড়ি ফেরা হল না।
রণবীর সিং যাত্রা শুরু করেন দিল্লি থেকে ৩২৬ কিলোমিটার দূরে মধ্যপ্রদেশের মোরেনা জেলায় নিজের বাড়িতে পৌঁছনোর জন্য। দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে উত্তরপ্রদেশের আগ্রায় এসে হাইওয়ের উপরেই লুটিয়ে পড়েন তিনি। শরীর খারাপ লাগায় হাইওয়ের পাশে একটি চায়ের দোকানে বসেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রণবীর। তখনও গ্রাম থেকে তাঁর দূরত্ব কয়েক শো কিলোমিটার বাকী ছিল। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। পরোক্ষভাবে রণবীর সিংয়ে মৃত্যুর জন্য দায়ী করোনাও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news