ওয়েব ডেস্ক:
এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দিল্লিতে মৃত্যু হল ৬ জনের। যাদের মধ্যে রয়েছে ২ শিশু। একই ঘটনায় ১১ জন আশঙ্কাজনক অবস্থায় চিকিত্সাধীন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর রাতে, দক্ষিণ-পূর্ব দিল্লির জাকির নগর এলাকার একটি পাঁচ তলা আবাসনে।
সূত্রের খবর, মঙ্গলবার ভোর রাত ২টো নাগাদ ওই আবাসানে আচমকাই আগুন লাগে। আগুন একতলার মিটার বক্সের ঘর থেকে দ্রুত ওই বহুতলে বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। শেষ রাতে ঘটনা ঘটায় যখন আগুন লাগে, তখন আবাসনের বেশির ভাগ বাসিন্দাই ঘুমোচ্ছিলেন। ফলে অগ্নিকাণ্ডের বিষয়টি টের পেতে দেরি হয়ে যায়। কী হয়েছে বোঝার আগেই আগুন বিপজ্জনক ভাবে ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, আগুন থেকে বাঁচতে অনেকেই বহুতল থেকে নিচে ঝাঁপ দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৮টি ইঞ্জিন। ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারেন দমকল কর্মীরা। লেলিহান আগুনের গ্রাসে আবাসনের পার্কিং-এ রাখা ৭টি গাড়ি আর ৮টি মোটোরসাইকেল সম্পূর্ণ ভস্মীভূত হয়। প্রাথমিক ভাবে দমকল কর্মীরা অনুমান করছেন, মিটার ঘরে শর্ট সার্কিট হওয়ার কারণেই আগুন লাগে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news