চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
নভেল করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের পশ্চিমবঙ্গে কতজনের মারা গিয়েছেন তা নিয়েই জোর তরজা শুরু হয়েছে। সেই চাপানউতরের মধ্যেই বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলন মুখ্যসচিব (Chief Secretary) রাজীব সিনহা বলেলন, “এখনও পর্যন্ত করোনা পজিটিভ মোট ১০৫ জনের মৃত্যুর হয়েছে রাজ্যে। কিন্তু অডিট কমিটি খতিয়ে দেখার পরে ৩৩ জনের মৃত্যুর কারণ হিসেবে নির্ধারিত হয়েছে কোভিড ১৯। বাকি ৭২ জনের করোনা হলেও মৃত্যুর পেছনে অন্য কারণ ছিল।” এর মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘন্টায়। মুখ্যসচিবের দেওয়া এমন তথ্য যে বিরোধীদের হাতে একটি বড় অস্ত্র তুলে দিতে চলেছে, সে বিষয়ে নিশ্চিত বাংলা রাজনৈতিক মহল।
এমনিতে গোড়া থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠছিল, করোনা ভাইরাসের আক্রান্ত ও মৃতের তথ্য গোপন করার। একই অভিযোগ তুলছিল চিকিৎসক সংগঠনগুলোর একাংশও। দাবি করা হয়েছিল, আসলে করোনায় অনেক বেশি মানুষ মারা যাচ্ছেন এ রাজ্যে, কিন্তু সরকার তথ্যগোপন করছে। শেষ পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তঃরাজ্য প্রতিনিধিদলের চাপে পড়ে প্রথম বারের জন্য মুখ্যসচিব স্বীকার করে নেন, রাজ্যে কোভিড সংক্রমণের মৃত্যুর সংখ্যা ১৮ হলেও, করোনা ভাইরাসে আক্রান্ত অবস্থায় মারা গিয়েছেন ৫৭ জন। এদিন ফের বিকেলে মুখ্যসচিব স্পষ্ট করেন, মোট ১০৫ জনের মৃত্যু হয়েছে করোনা সংক্রামিত অবস্থায়। কিন্তু তাঁদের মধ্যে ৭২ জনেরই মৃত্যুর কারণ অন্য কিছু বলে নির্ধারণ করেছে অডিট কমিটি।
এ প্রসঙ্গে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেছেন, “কালকের ২২ জন মৃতের সংখ্যা আজ ৩৩-এ পৌঁছে গেল। আর ৫৭ জনের মৃত্যু পৌঁছাল ১০৫-এ। কোভিডে আক্রান্ত মৃত্যুর তথ্য গোপনের ফলে তৈরি হওয়া ভয়াবহ পরিস্থিতি রাজ্যবাসীর ঘাড়ে চেপে বসেছে। তথ্য গোপনের ফলে পশ্চিমবঙ্গবাসী যে কঠিনতর পরিস্থিতির মধ্যে পড়লেন, তার দায় মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে নিতেই হবে।” এ প্রসঙ্গে কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেন, “গতকাল সরকারের করোনায় মৃত্যুর ঘটনা চেপে যাওয়ার সরকারি নোটিস ফাঁস করে দেওয়ায় আজ সংশ্লিষ্ট স্বাস্থ্য অধিকর্তাকে বদলি করে দেওয়া হল, এটাই কি বাংলায় চলবে ? দিনের আলোয় আর কতদিন এরকম মিথ্যাচার চালিয়ে যাবেন মুখ্যমন্ত্রী? অন্যদিকে, সমীক্ষা রিপোর্ট বলছে , রি প্রোডাক্টিভ রেট মানে, একের থেকে অন্যদের কোরোনা আক্রান্ত হওয়ার তালিকায় সব থেকে ‘এগিয়ে বাংলা’ মানে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা সব চেয়ে খারাপ হতে চলেছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news