প্রসেনজিৎ ধরঃ
একসময় হুগলী ছিল শিল্পাঞ্চল, যার প্রাণকেন্দ্র ছিল রিষড়া। যেখানে ছোট বড় অসংখ্য কলকারখানা ছিল। ফলে এখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রুজিরোজগার বন্দোবস্ত হত লক্ষাধিক মানুষের। কালক্রমে জেলার কারখানাগুলি রুগ্ন থেকে রুগ্নতর হতে হতে একসময় বন্ধ হয়ে যায়। যার বেশ কিছু ছিল জুটমিল। অন্যদিকে ছিল সাহাগঞ্জের ডানলপ আর রিষড়ার কাছাকাছি অ্যাম্বাস্যাডর গাড়ির ইঞ্জিন তৈরীর কারখানা ভারত বিখ্যাত হিন্দমোটর। সে সব বহুদিন হল চুকেভুকে গেছে। পড়ে ছিল একমাত্র বড় শিল্প কারখানা আদিত্য বিড়লা গ্রুপের জয়শ্রী টেক্সটাইল। যেখানে সরাসরি কর্মচারীর সংখ্যা ছিল প্রায় ৫ হাজার। পরোক্ষে ১০ হাজারের বেশি। রিষড়ার অর্থনৈতিক ভিত্তির অন্যতম শক্তি ছিল এই কাপড় কলটি। কিন্তু সেই কারখানাতেও কিছু দিন যাবৎ শুরু হয়েছিল শ্রমিক অসন্তোষ। যার জেরে বহু টানাপোড়েনের পর দু’দিন আগে জয়শ্রী টেক্সটাইল বন্ধ হয়ে গেল। আর পাঁচটা কারখানার মত সাসপেনশন অফ ওয়ার্ক অর্থাৎ কর্মবিরতি নয় একেবারে লকআউটের নোটিশ ঝুলিয়ে দিল কর্তৃপক্ষ। ফলে এক লহমায় বেকার হলেন কয়েক হাজার কর্মী। অনেকের প্রশ্ন, রাজ্যের মুখ্যমন্ত্রী দেশবিদেশ থেকে শিল্প আনার জন্য চেষ্টা করছেন বটে, কিন্তু ঘরোয়া শিল্পের এমন পরিণতি কি বাইরের কোম্পানিগুলিকে এরাজ্যে আসতে আদৌ অনুপ্রেরণা দেবে? অনেকের বক্তব্য, দিদি নতুন শিল্পের কথা পরে ভেবে আগে পুরোনো বন্ধ কারখানাগুলি খোলার বন্দোবস্ত করুন, তাহলেই রাজ্যের মঙ্গল হবে। রিষড়াবাসীরও তাই মত। অন্তত জয়শ্রীর ক্ষেত্রে। না হলে কাজ হারানো বহু মানুষ যে আত্মহত্যার পথ বেছে নেবে। আশঙ্কা, এই বন্ধ কারখানা ঘিরে গড়ে উঠতে পারে দুষ্কৃতীরাজ। এলাকার তৃণমুল শ্রমিক নেতাদের বলেন, আমরা চাই আগে কারখানা খুলুক। তারপর আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যাবে।
এখন দেখার সরকারী হস্তক্ষেপে সদ্য বন্ধ হওয়া জয়শ্রীতে প্রাণ ফেরে কিনা। নাকি অচিরেই হুগলী জেলার মৃত শিল্পের তালিকায় আরও একটি নাম সংযোজিত হবে! যার নাম জয়শ্রী টেক্সটাইল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news