Breaking News
Home / TRENDING / মিলেছে কেন্দ্রীয় অনুমোদন, রাজ্য জমি দিলেই দার্জিলিং মোড়ে হবে উড়ালপুল

মিলেছে কেন্দ্রীয় অনুমোদন, রাজ্য জমি দিলেই দার্জিলিং মোড়ে হবে উড়ালপুল

শ্রেয়সী কুণ্ডু:

শিলিগুড়ি: শিলিগুড়ির দার্জিলিং মোড়ের যানজট সমস্যা দূর করতে ফ্লাইওভার নির্মাণের কেন্দ্রীয় অনুমোদন মিলেছে, দার্জিলিংয়ের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরিন্দর সিং আলুওয়ালিয়া এমনটাই দাবি করলেন আজ। তিনি বলেন, রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে দিলে খুব শীঘ্রই ওই নির্মাণ কাজে জাতীয় সড়ক কর্তৃপক্ষ হাত দেবে। এজন্য ১০০০ কোটি টাকা ব্যয়ে চক্রাকার ওই উড়ালপুল নির্মাণ সহ ছয় লেনের রাস্তা করা হবে। কেন্দ্রীয় অনুমোদন ইতিমধ্যে মিলে গেছে। এখন শুধু জমি অধিগ্রহণের অপেক্ষায় রয়েছি।

শিলিগুড়ি শহর থেকে সিটি সেন্টার, মাটিগাড়া, বাগডোগরা নকশালবাড়ি সহ মহকুমার গ্রামগঞ্জে যাওয়ার জন্য দার্জিলিং মোড়কে ব্যবহার করতে হয়। কিন্তু ৩১ নম্বর জাতীয় সড়কের ওই অংশে প্রতিদিনই সাধারণ মানুষের যানজট এড়িয়ে দার্জিলিং মোড় পার করতে নাভিশ্বাস উঠে যায়। বর্তমানে সেখানে মাত্র ২০-২২ ফিট চওড়া একটি সেতু রয়েছে। এরমধ্যে যানজট নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে ডিভাইডারে বসিয়ে আরও ছোট করে দেওয়া হয়েছে রাস্তা। যে কারণে ওই অংশ দিয়ে গাড়ি যেতে সমস্যা হচ্ছে অনেক দিন। ওই অংশে দু’টো ট্রাফিক সিগনালও আছে। একটি সিগনাল বন্ধ হয়ে তা খুলতে প্রায় ১৫-২০ মিনিট পেরিয়ে যায়। আবার যানজট এড়িয়ে মাল্লাগুরি মোড় থেকে দার্জিলিং মোড় পার করতে আধ ঘন্টার বেশি সময় লেগে যায়। যে কারণে সেখানে উড়ালপুলের প্রয়োজনীয়তা অনেকদিন আগেই তৈরি হয়। কিন্তু তা এতদিনেও হয়নি। এবার সেখানে উড়ালপুল তৈরির তোড়জোড় শুরু হতেই খুশির হাওয়া শিলিগুড়িবাসীর মধ্যে।

যদিও কবে কাজ শুরু কিংবা শেষ হবে সে বিষয়ে নিশ্চিত করে আলুওয়ালিয়া বলতে পারেননি। তিনি জমি অধিগ্রহণের প্রসঙ্গ তুলে রাজ্যের কোর্টে বল ঠেলে দিয়েছেন। এদিকে ইতিমধ্যেই ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে বাংলাদেশ সীমান্তবর্তী ফুলবাড়ি পর্যন্ত এশিয়ান হাইওয়ে-২’-র কাজ শেষের মুখে। কামরাঙ্গাগুড়ি এলাকায় উড়ালপুল নির্মাণের কাজ চলছে। এদিকে বাগডোগরা এলাকাতেও তৈরি হয়ে গিয়েছে পর পর তিনটি উড়ালপুল। একটির কাজ দ্রুততার সঙ্গে এগোচ্ছে। কাজ শেষ হয়ে যাওয়া উড়ালপুল দিয়ে যানবাহন চলাচল শুরু হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই দার্জিলিং মোড়ে ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর ওই অংশের কাজ শেষ হলে শিলিগুড়ি যানজট একলপ্তে পুরোটাই কমে যাবে। দার্জিলিং মোড়ে ওই উড়ালপুল দিয়ে রাস্তাটি সেবক পর্যন্ত যাবে। সব মিলিয়ে ওই রাস্তা দৈর্ঘ্য হতে পারে ২০ কিলোমিটারের কাছাকাছি। ঘোষপুকুর থেকে বাগডোগরা পর্যন্ত চার লেনের কাজ আগেই শুরু হয়েছে। কিন্তু বালাসন সেতুর কাছ থেকে ফোর লেনের কাজে আটকে আছে। সেখানেই নতুন করে ছয় লেনের রাস্তার কাজ করার পাশাপাশি দার্জিলিং মোড়ে উড়ালপুলের বিষয়টি নিয়েও কেন্দ্র অনুমোদন দিয়েছে। এর জন্য একটি প্রাথমিক নকশাও বিজেপি’র পক্ষ থেকে প্রচার করা হচ্ছে। ওই নকশা অনুযায়ী গোটা কাজটি সম্পন্ন হলে শিলিগুড়ি শহরের দার্জিলিং মোড়ের যানজট সহজেই অতিক্রম করা যাবে।

যদিও এটি লোকসভা নির্বাচনের আগে চমক কি না সে নিয়েও প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে এখনই অবশ্য বিরোধীরা কেন্দ্রকে প্রশ্নবান ছোড়েননি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *