নীল বণিক:
দমদম লোকসভা ফের নিজেদের দখলে নিতে মরিয়া রাজ্য বিজেপি। তারই প্রস্তুতিতে সোমবার দুপুরে বিজেপির রাজ্য সদর দপ্তরে রাজ্য বিজেপি নেতাদের নিয়ে বৈঠকে বসেন কেন্দ্রীয় নেতা শীবপ্রকাশ। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায় সহ অন্য শীর্ষ নেতারা। দমদম লোকসভা থেকে পরপর দু’বার বিজেপির টিকিটে জিতেছিলেন প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তপন শিকদার। এবার ২০১৯-এ দমদম লোকসভা আসনটি ফের দখল নিতে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রাজ্যকে নির্দেশ দিয়েছেন। সর্বভারতীয় সভাপতির নির্দেশের পর দমদম লোকসভা নিয়ে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছেন কেন্দ্রীয় নেতা শীবপ্রকাশ।
দলীয় সূত্রে খবর, দমদম লোকসভা ফের দখলে আনতে একটি বিশেষ দল গঠন করেছে দিল্লি। কয়েকদিনের মধ্যেই সেই দলের সদস্যরা দমদমে কাজ শুরু করবেন। পাশাপাশি দমদমে ফের পদ্ম ফোটাতে দলের পুরনো কর্মীদের সঙ্গে রাজ্য নেতাদের যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন শীবপ্রকাশ। এমনকি বামেদের বরিষ্ঠ নেতাদের সঙ্গে দমদমের নেতাদের যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন তিনি।
দমদমে বামেদের একটা বড় অংশের ভোট পেতে মরিয়া দলের কেন্দ্রীয় নেতা। তিনি মনে করেন বামেদের ভোটের একটা বড় অংশ নিজেদের অনুকূলে আনতে পারলে ফের পদ্ম ফুটবে দমদমে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news