চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
দক্ষিণেশ্বরে (Dakshinewar) ভবতারিণীর মন্দিরে ট্রাস্টিদের কার্যকলাপ নিয়ে শুরু হল তুমুল বিতর্ক। ভক্তদের অভিযোগ মন্দিরের ঐতিহ্য সংস্কৃতি জলাঞ্জলি দিয়ে ট্রাস্টিরা তাঁদের ক্ষমতার ফায়দা নিচ্ছেন। এর ফলে ধুলোয় মিশে যাচ্ছে রামকৃষ্ণদেবের প্রচলিত রীতি আর আচারবিধি ওপর শ্রদ্ধা। করোনা সংকটে মন্দিরের দরজা যখন সাধারণ ভক্তদের জন্য বন্ধ সেই সময় অক্ষয়তৃতীয়ার দিন পুরোদস্তুর পিপিই পরে এক ট্রাস্টি এসে মন্দিরে মায়ের সামনে পুজো দেন। শুধু তাই নয় তাঁর যে ছবিটি ভাইরাল হয়েছে তাতে তিনি ক্যামেরার দিকে মুখ করে ঠাকুরের দিকে পিছন ফিরে দাঁড়িয়েছেন।
এতে রীতিমত ক্ষুব্ধ ভক্তরা। তাঁদের বক্তব্য পিপিই যখন চিকিৎসা কর্মীরাই পর্যাপ্ত পাচ্ছেন না তখন মন্দিরের মধ্যে মায়ের সামনে পিপিই পরে আসার দরকার কি ছিল। তাঁদের বক্তব্য এই পুরোটাই ওই ভক্তের দেখনদারি, যেখানে ভক্তির থেকে শো-অফ বেশি। মানুষের বক্তব্য এই দেবীর সঙ্গে রানী রাসমনির ভক্তি, রামকৃষ্ণদেবের লীলা জড়িয়ে আছে।

তাঁর মত জাগ্রতা দেবীকে এভাবে অপমান করার অধিকার মন্দিরের ট্রাস্টিরা পেলেন কোথায়?
অভিযোগ, শুধুমাত্র এই দিনের ঘটনা নিয়েই নয়। এর আগে রাজ্যপাল এসে মায়ের গায়ে সুগন্ধি দিয়েছিলেন, অভিযোগ রয়েছে তা নিয়েও। দেবী মূর্তি নিয়ে পুতুল খেলার বিরোধিতা করছেন তাঁরা। এছড়াও যে প্রথা মেনে দেবীকে চিরদিন শৃঙ্গার করানো হত এখন সেই প্রথা এবং দেবীর সাজও যথাযথভাবে করা হচ্ছে না বলে ক্ষোভে ফেটে পড়েছেন মানুষ। অনেকেই বলেছেন, দক্ষিণেশ্বরের মন্দিরের দায়িত্ব এবার বেলুড়মঠকে দেওয়া হোক। তাহলেই দেবী যথাযথ মর্যাদা পাবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news