নীল রায়।
একদা দক্ষিণ কলকাতার ত্রাস শ্রীধর দাস (Shridhar Das) যোগ দিলেন বিজেপিতে। বুধবার বিজেপির রাজ্য দফতরে সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) হাত থেকে পদ্ম প্রতীকের গেরুয়া মার্কা পতাকা হাতে তুলে নেন একাধিক মামলায় অভিযুক্ত শ্রীধর! প্রসঙ্গত উল্লেখ্য, তোলাবাজি-সহ একাধিক মামলা রয়েছে শ্রীধর দাসের নাম। বাম জমানায় একাধিক বড় অপরাধের সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। সেই সময় শ্রীধরের ওপরে সিপিএম (CPM) নেতাদের বরাভয় ছিল বলে দাবি করেন চেতলার বাসিন্দারা। কিন্তু পরিবর্তনের জমানায় শিবির বদলান শ্রীধর।
সম্প্রতি শ্রীধর আবার ঘাসফুল থেকে যোগ দিয়েছেন পদ্মে শিবিরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ি থেকে অনতিদূরে রাসবিহারীর ‘আদি দক্ষিণ কলকাতা বারোয়ারি সমিতি’র দুর্গাপুজোর দখলকে ঘিরে ফের প্রচারের আলোয় আসে শ্রীধর। তাঁকে ব্যবহার করে পুজোটি দখলের চেষ্টা করে বিজেপি। ওই পুজো কমিটির অফিসে বিজেপি নেতা সায়ন্তন বসু যাওয়ার পর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দু’পক্ষের মধ্যে বাঁধে সংঘর্ষ। গ্রেফতার করা হয় শ্রীধর দাসকে।
জেল থেকে বের হওয়ার পর গেরুয়া শিবিরে তৎপরতা বৃদ্ধি পায়। শেষমেষ এদিন শ্রীধর দাস যোগ দিলেন পদ্ম শিবিরে। শ্রীধর এ যোগদান প্রসঙ্গে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, “শ্রীধরের দলে যোগদানের ফলে দক্ষিণ কলকাতায় দল শক্তিশালী হবে।” বিজেপি শিবিরের গুঞ্জন, চেতলায় কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) দাপট রুখতে শ্রীধর দাসকে ব্যবহার করতে চায় দল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news