চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের আতঙ্ক এবার রবি ঠাকুরের শান্তিনিকেতনে। তাও আবার সংক্রমণের ঘটনায় নয়, এক কর্মীর জ্বরে আক্রান্ত হওয়ার পরেই করোনা ভাইরাসের সংক্রমণের আতঙ্ক গ্রাস করেছে বিশ্বভারতীর অন্য কর্মীদের। তাই সোমবার সকালেও খোলেনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Biswabharati University) কেন্দ্রীয় অফিস। এদিন তা জীবাণুমুক্তও করা হবে বলে জানা গিয়েছে। বিশ্বভারতী সূত্রে খবর, সরকারি নিয়ম মেনে কেন্দ্রীয় অফিসের বিভিন্ন দপ্তরে কাজকর্ম করছেন কর্মীরা। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন এক কর্মী। রবিবারও তিনি জ্বর নিয়ে অফিসে আসেন। সহকর্মীর জ্বর দেখেই আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য কর্মীরা। তাতেই আতঙ্ক ছড়ায় বিশ্বভারতী জুড়ে।
ওই ব্যক্তি করোনা আক্রান্ত নন তো, সেই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে সকলের মনে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় নিশ্চিত হতে ওই কর্মীর করোনা পরীক্ষা করানো হবে। এবং রিপোর্ট না আসা পর্যন্ত কেন্দ্রীয় অফিস বন্ধ করে রাখা হবে। এখনো পর্যন্ত বিশ্বভারতীর অন্দরে কেউ করোনা আক্রান্ত হননি। কিন্তু এ বিষয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ কতৃপক্ষ। তাই জ্বরে আক্রান্ত কর্মীকে যেমন বাড়িতে থাকতে নির্দেশ দেয়া হয়েছে, তেমনি অন্য কর্মীদের ছুটি দিয়ে বিশ্বভারতীর স্যানিটাইজ করার কাজ করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news