চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিনের ট্রায়াল শুরু হওয়ার অর্থই মহামারীর ‘বিদায় ঘন্টা’। রবিবার এমনই দাবি করেছে কেন্দ্রীয় বিজ্ঞানমন্ত্রক। খুব শীঘ্রই দেশে করোনার দুটি ভ্যাকসিন ‘কোভ্যাক্সিন’ এবং ‘জাইকভ ডি’র ট্রায়াল শুরু হয়ে যাবে। আর সেটা শুরু হওয়া মানেই এই মারণ রোগের বিরুদ্ধে লড়াইয়ে একটা বড়সড় হাতিয়ার পেয়ে যাবে দেশ। কেন্দ্রীয় বিজ্ঞানমন্ত্রকের এমনটাই দাবি করেছে।
রবিবার মন্ত্রকের তরফে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যেখানে বিজ্ঞানমন্ত্রকে কর্মরত এক বিজ্ঞানী দাবি করেছেন,”ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ও সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের অনুমতি পাওয়ার পরেই ভারতে কোভ্যাক্সিন ও জাইকভ ডি’র ট্রায়াল শুরু হচ্ছে। আর ট্রায়াল শুরু হওয়া মানেই করোনার শেষের শুরু। এই মুহূর্তে বিশ্বজুড়ে ১০০’র বেশি ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে। তার মধ্যে ১১টি ভ্যাকসিনের মানবদেহে ট্রায়াল শুরু হয়েছে। ছটি ভারতীয় সংস্থা ভ্যাকসিন তৈরি করছে। কোভ্যাক্সিন (COVAXIN) এবং জাইকভ ডি (ZyCov-D) -সহ মোট এগারোটি করোনার টিকা মানব দেহে প্রয়োগের অপেক্ষায়। এই ট্রায়াল শুরু হওয়া মানেই করোনার বিদায়ের দিন এগিয়ে আসবে।”
সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে, “বিশ্বের যে কোনও প্রান্তেই করোনার টিকা তৈরি হতে পারে। কিন্তু যতদিন না ভারতে এই ভ্যাকসিন উৎপাদনের পরিকাঠামো তৈরি হচ্ছে, ততদিন আমরা সুবিধাজনক জায়গায় পৌঁছতে পারব না।” বিজ্ঞানমন্ত্রকের ওই প্রতিবেদনে ঘোষণা করা হয়েছে, “ভারত ভ্যাকসিন তৈরির জন্য ইতিমধ্যেই দুটি বড় বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে। ব্রিটেনের আস্ট্রাজেনেকা ও আমেরিকার মোডের্নার ভারতে প্রতিষেধকটি উৎপাদনে রাজিও হয়েছে বলে দাবি কেন্দ্রের।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news