চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
তৃণমূলে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণে থাবা বেড়েই চলেছে। এবার করোনায় আক্রান্ত হলেন হুগলি জেলার জাঙ্গিপাড়া বিধানসভার বিধায়ক তথা যুবনেতা স্নেহাশিস চক্রবর্তী। কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই নিজের কোন্নগরের কানাইপুর এলাকার বাড়িতেই আইসোলেশন রয়েছেন তিনি। জানা গিয়েছে তাঁর সঙ্গেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। কোথা থেকে তিনি আক্রান্ত হয়েছেন এ বিষয়ে নিশ্চিত হতে পারেননি চিকিৎসকরা। আপাতত চিকিৎসকদের পরামর্শ মেনেই বাড়িতে তাঁর চিকিৎসা চলছে।
গতকাল জাঙ্গিপাড়া এলাকায় ২১ শহীদ দিবসে ভার্চুয়াল সভার আয়োজন করেছিলেন তিনি। বিধায়ক হিসেবে কর্মী-সমর্থকদের নিয়ে সেখানে হাজির হয়েছিলেন তিনি। জানা গিয়েছে, ওইদিন তিনি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হুগলি জেলা তৃণমূলের (TMC) সভাপতি দিলীপ যাদব, চন্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার ও জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় তাঁর সংস্পর্শে এসেছিলেন। স্নেহাশীষের করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার খবর তাদের কাছে পৌঁছাতেই, এই সমস্ত নেতারা নিজেদের হোম কোয়ারেন্টিনে চলে গিয়েছেন। প্রসঙ্গত, মাসখানেক আগে সংসদ সদস্য কল্যান বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের দুজন নিরাপত্তারক্ষী আক্রান্ত হলে বেশ কিছুদিন তাঁকে হোম কোয়ারেন্টিনে (Quarentine) থাকতে হয়েছিল। এই নিয়ে দ্বিতীয়বার হোম কোয়ারান্টিনে গেলেন তিনি।
বর্তমানে তৃণমূলে আরও দুজন বিধায়ক করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন। কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল ও এগরার বিধায়ক সমরেশ দাস করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। গত মাসের ২৪ তারিখে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ। এছাড়াও রাজ্যের দমকল মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত বসু আক্রান্ত হয়েছিলেন করোনায়। বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news