চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
একদিনে ফের রেকর্ড করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ ভারতে। এবার পুরোনো যাবতীয় রেকর্ড ভেঙে আক্রান্ত হলেন ৯৫ হাজার মানুষ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৯৫,৭৩৫ জন নতুন করে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। প্রতিদিন গড়ে ১১০০ মানুষের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণে। ৯৫ হাজার বৃদ্ধির জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন ৪৪ লক্ষ ৬৫ হাজার ৮৬৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ১,১৭২ জনের। এ নিয়ে দেশে মোট ৭৫ ০৬২ জনের প্রাণ কাড়ল করোনাভাইরাস। এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ২৭,৭৮৭ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত ৮ হাজার ছাড়িয়েছে। তৃতীয় স্থানে থাকা কর্নাটকে মৃতের সংখ্যা ৬, ৮০৮। দেশের রাজধানীতে সংখ্যাটা ৪, ৬৩৮। অন্ধ্রপ্রদেশে ৪,৬৩৪, উত্তরপ্রদেশ ৪,১১২, পশ্চিমবঙ্গ ৩,৭৩০ ও গুজরাত ৩,১৪৯ মৃত্যু তালিকায় উপরের দিকে রয়েছে। পঞ্জাবে মোট মৃত্যু আজ ২ হাজার। মধ্যপ্রদেশে ১,৬৪০, রাজস্থানে ১,১৭৮ মোট মৃত্যু বেড়ে চলেছে। এরপর তালিকায় রয়েছে তেলঙ্গানা, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর , বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়, উত্তরাখণ্ড, গোয়া, পণ্ডিচেরী ও ত্রিপুরার মতো রাজ্যগুলি।
মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও কর্নাটক— দৈনিক আক্রান্ত বৃদ্ধিতে দেশের মধ্যে এগিয়ে এই তিনটি রাজ্য। গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ মহারাষ্ট্রে ২৩ হাজার, অন্ধ্রপ্রদেশে ১০ হাজার ও কর্নাটকে ৯ হাজার ৫৪০ জন। উত্তরপ্রদেশেও দৈনিক আক্রান্ত বিগত কয়েক দিন ধরে সাড়ে ছ’হাজার ছাড়িয়ে যাচ্ছে। দৈনিক সংক্রমণে নতুন করে চিন্তা বাড়াচ্ছে দেশের রাজধানী। জুলাই মাসের শেষ ও অগস্টে সেখানে দৈনিক সংক্রমণ কমে এক হাজারে নেমেছিল। গত ক’দিন ধরেই তা আবার বেড়েছে। ২৪ ঘণ্টায় সেখানে নতুন সংক্রমণ ৪ হাজার ছাড়িয়ে গেল। যা এই করোনাকালে প্রথম বার হল। পশ্চিমবঙ্গ ও বিহারে নতুন সংক্রমণ একই হারে হলেও তেলঙ্গানা, অসম, ওড়িশার দৈনিক নতুন সংক্রমণ কপালে ভাঁজ ফেলেছে। তাহলে কি ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায় শুরু হয়ে গিয়েছে ? এমন প্রশ্ন ঘোরাফেরা করছে চিকিৎসক মহলে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news