চ্যানেল হিন্দুস্তান ব্যুরো
করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করেছেন আজ। কিন্তু করোনা সংক্রমণ দিন প্রতিদিন বেড়েই চলেছে ভারতে। গত ২৪ ঘণ্টায় ১,২১১ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে যা এখনও পর্যন্ত রেকর্ড। মোট ১০,৩৬৩ জন করোনা আক্রান্ত বলে জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। গত ২৪ ঘণ্টায় দেশ জুড়ে মৃতের সংখ্যাও ৩১ জন, মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৩৯ হয়েছে। করোনা মোকাবিলায় ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে নমুনা পরীক্ষা বাড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। গোটা দেশে ২২১টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দেশের করোনা-পরিস্থিতির আবহেও অবশ্য স্বস্তি জোগাচ্ছে একটি পরিসংখ্যান। গত এক সপ্তাহে প্রতি দিনের আক্রান্তের সংখ্যায় দেখলে বোঝা যাবে, শতাংশের হিসেবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ঘোরাফেরা করছে গড়ে ১২ শতাংশের আশপাশে। সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্র, দিল্লি এবং তামিলনাড়ুতে। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা এখন ২০০০-র সামান্য কম। এ বার সংক্রমণের সংখ্যা হাজার ছুঁয়েছে তামিলনাড়ুতেও। পরিসংখ্যানগত হিসাব দেখলে দেখা যাবে, ভারতে কোভিড ১৯ এর আক্রমণে ২৪ মার্চ পর্যন্ত আক্রান্ত ছিলেন ৫৩৬ জন। ২ এপ্রিল সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ২৫২০। ৭ এপ্রিল ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫৩০৫ জন। আর ১৪ এপ্রিল তা ১০ হাজারের অঙ্ক ছুঁয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news