চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন কলকাতা পুলিশে (Kolkata Police) এক থানার ওসি সহ তাঁর স্ত্রী। শনিবার রাতে জানা যায়, কলকাতা দক্ষিণ-পূর্ব বিভাগের বাইপাস লাগোয়া ওই থানার ওসি চিকিৎসাধীন রয়েছেন বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার থেকেই করোনা ভাইরাসের সংক্রমণের উপসর্গ দেখা যায় ওই পুলিশ আধিকারিকের শরীরে। লালবাজার সূত্রে দাবি, বুধবার পর্যন্ত তিনি থানায় গিয়েছিলেন। অসুস্থতার কারণে বাড়িতেই থেকে যান তিনি। প্রসঙ্গত, তাঁর থানা এলাকার মধ্যেই কোভিডে মৃতদের সৎকার করার জায়গা তৈরি করেছে রাজ্য সরকার।
লালবাজার সূত্রে খবর, তিনি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের তাঁর জ্বর এবং সর্দির মতো উপসর্গের কথা জানান। তারপরই উদ্যোগী হয়ে বৃহস্পতিবারই তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় তাঁর সঙ্গে একই ঘরে থাকা স্ত্রীর নমুনাও। শনিবার রাতে সেই রিপোর্ট এলে দেখা যায় তাঁর এবং তাঁর স্ত্রী দু’জনের করোনা ভাইরাসের রিপোর্টই পজিটিভ। বৌবাজার থানা এলাকায় হেয়ার স্ট্রিট থানার পাশে কলকাতা পুলিশের আবাসনে থাকেন এই দম্পতি। সূত্রের খবর, সেই খবর লালবাজারে পৌঁছতেই, কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা তাঁকে বাড়িতে রেখে চিকিৎসা করাতে না করেন। পরে তাঁকে নির্দেশ দেওয়া হয় অবিলম্বে হাসপাতালে ভর্তি হতে। চিকিৎসা চলছে তাঁর স্ত্রীরও।
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোয়রান্টিনে পাঠানো হয়েছে ওই পুলিশ আধিকারিকের গাড়ির চালক এবং দেহরক্ষীকে। এর আগে বন্দর এলাকার গার্ডেনরিচ থানার ওসি আক্রান্ত হয়েছিলেন করোনায়। তবে তিনি এখন সুস্থ হয়ে বাড়িতেই রয়েছেন। জোড়াবাগান থানার এক সাব ইনস্পেক্টরও কোভিডে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। এর আগে কলকাতা উত্তর ডিভিশনের এক পুলিশ কর্মীও আক্রান্ত হয়েছিলেন। তবে তারা এখন করোনা থেকে অনেকটাই মুক্ত বলে জানা গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news