চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
দ্রুত পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা সিল করে দেওয়ার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি লিখলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Chowdhury)। সোমবার মুখ্যমন্ত্রীর উদ্দেশে এক চিঠি পাঠিয়েছেন তিনি। সেখানেই অধীর চৌধুরী পশ্চিমবঙ্গের সঙ্গে লাগোয়া বাংলাদেশের সীমানা সিল করার অনুরোধ জানিয়েছেন। পশ্চিমবঙ্গের আটটি জেলা ও ৬৮টি ব্লক বাংলাদেশ লাগোয়া। করোনা ভাইরাসের সংক্রমণের সময় বাংলাদেশের মানুষ সীমানায় বেআইনি অনুপ্রবেশ করলে সেই সংক্রামণ বৃদ্ধি পেতে পারে। তাই বর্ডার সিকিউরিটি ফোর্সের সাহায্যে নিয়ে সীমানা সিল করার অনুরোধ করেছেন বহরমপুরের পাঁচবারের সাংসদ। করোনা মোকাবিলায় বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিষয়টি গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন কংগ্রেসের লোকসভার দলনেতা।
এই চিঠিতেই আরও একটি বিষয়ের কথা উল্লেখ করেছেন। ভিন রাজ্য থেকে আগত শ্রমিকদের বাংলায় শারীরিক পরীক্ষার দাবি জানিয়েছেন অধীর চৌধুরী। তাঁর কথায়, ভিন রাজ্য থেকে আগত বিপুল পরিমাণ শ্রমিকদের ফিরে আসার পর তাদের শারীরিক পরীক্ষা জরুরি হয়ে পড়েছে। তাই অবিলম্বে তাদের করোনা পরীক্ষার বিষয়টি নিশ্চিত করুক পশ্চিমবঙ্গ সরকার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news