চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ভারতের সার্বভৌমত্ব রক্ষা স্বার্থে ও অন্যায়ভাবে অনুপ্রবেশ-আগ্রাসনের জন্য চিন সরকারের বিরুদ্ধে মধ্য কলকাতা জেলা কংগ্রেস (Congress) ও কলকাতা জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজের সামনে আজ, বৃহস্পতিবার একটি অভিনব বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। প্রতিবাদ হিসেবে একটি বিশালাকার চীনের মানচিত্র এবং তার সঙ্গে ভারতের বাজারে বিক্রিত চীনের পণ্য পোড়ানো হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন মোনালিসা ব্যানার্জী, অর্ঘ্য গণ-মানস সরকার-সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা।

পাশাপাশি, এদিনই ভারত সরকারের পররাষ্ট্রনীতির ব্যর্থতা ও পেট্রোপণ্যের দাম ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় এক প্রতিবাদ কর্মসূচি করল দক্ষিণ কলকাতা কংগ্রেস। এদিন ঢাকুরিয়ায় ইন্ডিয়ান অয়েলের দফতরের সামনে দক্ষিণ কলকাতা কংগ্রেসের সভাপতি আশুতোষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ প্রসঙ্গে আশুতোষ বলেন, “ভারত সরকারের ভ্রান্ত পররাষ্ট্রনীতির কারণে আজ প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে আমাদের পারস্পরিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। চিনের মতো প্রতিবেশী আমাদের জমি দখল করে নিয়েছে। সঙ্গেই পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের জনজীবন ব্যতিব্যস্ত করে তুলেছে কেন্দ্রীয় সরকার। তাই আমরা সরকারের এই সমস্ত সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছি।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news