নীল রায়:
জোটের ক্ষীণ সম্ভাবনা জিইয়ে রাখল কংগ্রেস। শেষ মুহূর্তে বর্ষিয়ান রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য ও বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে ময়দানে নামিয়ে বামেদের সঙ্গে আলোচনার পথ খোলা রাখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। বুধবার বিধান ভবনে লোকসভা ভোটের আগে সাংগঠনিক বৈঠকে বসেছিল কংগ্রেস নেতৃত্ব। আলোচনার একটা বড় সময় জুড়ে ছিল সিপিএমের সঙ্গে আসন সমঝোতার বিষয়টি। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে সোমেন মিত্র জানান, আগামী রবিবার পর্যন্ত ওই দুই নেতাকে বামফ্রন্ট নেতৃত্বের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কংগ্রেস। এদিন সোমেন আরও জানান, “২০২১ পর্যন্ত জোট সম্পর্ক করতে চেয়েছিল কংগ্রেস। বামেরা তাতে সায় দেয়নি। সেক্ষেত্রে বামেদের বক্তব্য ছিল, জোট নয়, কেবল আসন সমঝোতাই সম্ভব কংগ্রেসের সঙ্গে।”
প্রসঙ্গত, মুর্শিদাবাদ ও রায়গঞ্জ লোকসভা আসন দুটিকে কেন্দ্র করেই ভেস্তে যেতে বসেছে কংগ্রেস-সিপিএম জোট সম্পর্ক। সিপিএম মুর্শিদাবাদ ও রায়গঞ্জ লোকসভা আসনের দাবি ছাড়তে নারাজ। কারণ ২০১৪ সালে এই দুটি আসনেই জয় পেয়েছিল তারা। সঙ্গে ফরওয়ার্ড ব্লকের জন্য পুরুলিয়া আসনেও তারা প্রার্থী দেবে সিদ্ধান্ত নিয়েছে। পাল্টা যুক্তি কংগ্রেস শিবিরও দেখাচ্ছে। রায়গঞ্জ আসন প্রসঙ্গে সোমেন বলেন, “মাত্র দেড় হাজার ভোটে ওই আসনে আমাদের হার হয়েছিল। প্রত্যেক বুথে যদি আমরা ১.৫ শতাংশ ভোটও বেশি পাই তাহলে আমরা ওই আসন জিতে যাব।” আর মুর্শিদাবাদ আসনের ক্ষেত্রে কংগ্রেসের যুক্তি, জোট হলেও কংগ্রেসের ভোটার বা কর্মীরা সেখানে সিপিএম প্রার্থীকে ভোট দেবেন না। ২০১৬ সালের বিধানসভার ভোট সেই শিক্ষাই দিয়েছে বলে দাবি কংগ্রেসের। তাই এই আসনটিও কংগ্রেসকে ছেড়ে দেওয়া উচিত সিপিএমের, এমনটাই মত সোমেন মিত্রের। তাছাড়া মালদা-মুর্শিদাবাদ দীর্ঘকাল ধরেই কংগ্রেসের দুর্গ বলে পরিচিত। সিপিএম তথা বাম শরিকরা যেমন নিজেদের যুক্তিতে অনড়। তেমনি এদিন কংগ্রেস নেতৃত্ব নিজেদের দাবির সপক্ষে যুক্তি দেখিয়েছে। অন্যদিকে, যে আব্দুল মান্নানকে বামেদের সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে, সন্ধ্যায় তিনিই বেসুরো গেয়েছেন। এদিন প্রদেশ কংগ্রেস দফতরে তার বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় মান্নান বলেন, “এত বড় দায়িত্ব নেওয়ার জন্য আমার কাঁধ চওড়া হয়নি।” তবে সিপিএমের সঙ্গে জোট প্রসঙ্গে বৈঠকে হাজির মাটিগাড়া নকশালবাড়ির কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার বলেন, “জোট হোক বা না হোক পাঁচ সাতটি লোকসভা আসনে আমাদের জয়ের সম্ভাবনা রয়েছে। তাই জোট হল কিনা হল তাতে আমাদের কিছু এসে যায় না।”
এদিনের সাংবাদিক বৈঠকে নিজের স্বল্প উপস্থিতিতে পর্যবেক্ষক গৌরব গগৈ বলেন, “আমার বিশ্বাস যে কোনও অবস্থাতেই রাজ্যে কংগ্রেস ভালো ফল করবে।” এআইসিসি নেতৃত্বের এমন আভাস পেয়েই এদিন বৈঠকে হাজির এক কংগ্রেস বিধায়ক জানিয়েছেন, “সিপিএমের সঙ্গে জোট বারো আনা ভেঙে গিয়েছে!” তাই আগামী রবিবারের পর তার “ষোল কলা পূর্ণ হবে” বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news