নীল রায়:
লক্ষণ শেঠ কংগ্রেসে যোগদান করতে চেয়ে আবেদন করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের কাছে। আর পূর্ব মেদিনীপুর জেলায় শুভেন্দু অধিকারীর পালটা হিসেবে লক্ষণ শেঠকেই বিকল্প কংগ্রেস নেতা হিসেবে ভাবতে শুরু করেছেন অভিজ্ঞ রাজনীতিক সোমেন মিত্র। এদিকে তাঁর এমন ভাবনায় বাঁধ সাধছেন তাঁরই দলের নেতা, বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান। বিষয়টি নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন মান্নান সাহেব। বৃ্হস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মান্নান সাহেব যখন নিজের কক্ষ ত্যাগের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই তাঁর মোবাইলে এক অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোন ধরতেই মোবাইলের ওপার থেকে লক্ষণ শেঠের কণ্ঠ… “মান্নানদা আপনার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। এবার আপনার সঙ্গে কংগ্রেস করতে চাই।” (সুত্র : মান্নান স্বয়ং) মোবাইলে লক্ষণের আবদার শুনেই ক্ষেপে যান মান্নান। জবাবে বলেন, “শোন লক্ষণ তোমার সঙ্গে আমার সম্পর্ক কোনওদিনই ভালো ছিল না। তুমি কংগ্রেস কর্মীদের সঙ্গে কী ব্যবহার করেছ তা সবাই জানে। তোমার জন্য ওরা খুন হয়েছে।” ক্রুদ্ধ মান্নান আরও বলেন “এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড করাতে গেলেও তোমার অনুমতি নিতে হত। কিছুই ভুলিনি আমি। একবার বিজেপি ঘুরে এসে বলছ কংগ্রেস করতে চাই। আমাকে তুমি আর ফোন করবে না”। এমনটা বলেই ফোন কেটে দেন তিনি। এরপর আরও একবার মান্নানকে ফোন করেন লক্ষণ (অন্তত ওই নম্বর থেকে আবার ফোন আসে) কিন্তু ফোন কেটে দেন মান্নান।

বিরোধী দলনেতার এমন কার্যকলাপের সমালোচনা করছে সোমেন শিবির। তাদের বক্তব্য, যদি লক্ষণ শেঠকে নিয়ে মান্নানের এতই সমস্যা তাহলে সিপিএমের সঙ্গে জোট করতে তিনি এত উতসাহী ছিলেন কেন? তাঁদের আরও বক্তব্য, মান্নান কি সিপিএম আর লক্ষণ শেঠকে আলাদা করে দেখেন নাকি! রাজনীতি তো আর ব্যক্তিগত রাগ দেখানোর জায়গা নয়। এমন আক্রমণের জবাবে মান্নান বলেন, “মমতা কংগ্রেসকে শেষ করতে না চাইলে আমি সিপিএমের সঙ্গে জোটের কথা বলতাম না। আমি কোনওদিন সিপিএমের খুনে নেতাদের সঙ্গে এক মঞ্চে সামিল হইনি। লক্ষণও খুনে নেতাদেরই একজন। তাই ওর যোগদানের বিরোধিতা করছি।” আপাতত পরিস্থিতি দেখে মনে হচ্ছে রাজ্য কংগ্রেসে লক্ষণের যোগদান পর্ব আরও আকর্ষণীয় হতে চলেছে। কারণ সোমেন লক্ষণকে দলে যোগদান করাতে বদ্ধপরিকর আর মান্নান উঠে পড়ে লেগেছেন তা আটকাতে।
যদিও পরে টেলিফোনে লক্ষণ শেঠ বলেন “আমি কংগ্রেসে যোগদানের আবেদন করিনি। মান্নানদাকে ফোন করেছিলাম। রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে নানা সময়ে প্রয়োজনে ফোন করতে হয়। উনিও আমাকে ফোন করেন। আমাদের মধ্যে কথা হয়েছে ঠিকই, কিন্তু কোনও উত্তপ্ত বাক্য বিনিময় হয়নি।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news