চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
সদ্য প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের নামাঙ্কিত হতে পারে তাঁরা মস্তিষ্কপ্রসূত প্রকল্প।
একসময় তাঁর উদ্যোগে রাজ্যজুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল ‘আনন্দধারা’ প্রকল্প। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা রোজগারের উপায় পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি এই প্রকল্পে।
সেই ধাঁচেই পুরুষদের স্বনির্ভর গোষ্ঠী গড়ার উদ্যোগ নিয়েছিলেন সুব্রতবাবু। এবার তাঁর সেই উদ্যোগকে বাস্তবায়িত করার পথে রাজ্য সরকার।
দফতরের কর্তাদের দাবি, পুরুষদের জন্য স্বনির্ভর গোষ্ঠী গড়ার উদ্যোগ দেশে এই প্রথম। উদ্যোগ নিয়েছিলেন সদ্য প্রয়াত মন্ত্রী।
স্বনির্ভর গোষ্ঠীর মতো করে পুরুষদের যে গ্রুপ বা গোষ্ঠী তৈরি হবে, তা সরকারিভাবে ‘প্রোডিউসার্স গ্রুপ’ হিসেবে চিহ্নিত হবে। এই গ্রুপগুলি ছোট ছোট ব্যবসার কাজে নিযুক্ত থাকতে পারবে। সেই কাজেই সাহায্য করবে সরকারপক্ষ।

ব্যবসার ব্যাপারে রাজ্য সরকারের একাধিক স্কিম বিভিন্ন দপ্তরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই স্কিমগুলিকে এক ছাতার তলায় এনে পুরুষদের সুযোগ দেওয়া হবে। রাজ্য সমবায় দফতরের আওতায় যে সমবায় ব্যাঙ্কগুলি রয়েছে, সেগুলি থেকে এই গ্রুপের সদস্যরা সহজ শর্তে ঋণ নিতে পারবেন। দফতর সূত্রে খবর, প্রকল্পটি চালু হওয়ার পর অন্যান্য ব্যাঙ্কগুলি যাতে ঋণ দিতে উদ্যোগী হয়, তার জন্য আলাপ আলোচনা চালাবে রাজ্য সরকার। এক্ষেত্রে উদ্যান পালন, পশুপালন, মৎস্যচাষ, খাদ্য প্রক্রিয়াকরণ, পরিবহণ দফতরের কাজে লাগবে এই স্বনির্ভর গোষ্ঠী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news