চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বিশিষ্ট সাংবাদিক সঞ্জয় সিংহের প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। বৃহস্পতিবার হূদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যুর ঘটনার পরেই শোক বার্তা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিরোধী নেত্রী থাকাকালীন সঞ্জয় সিংহের (Sanjay Sinha) সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল তৃণমূল (TMC) সুপ্রিমোর। নিজের শোকবার্তায় পুরোনো দিনের স্মৃতিচারণা করে মুখ্যমন্ত্রী লিখেছেন, “বিশিষ্ট সাংবাদিক সঞ্জয় সিংহের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৫ বছর। সঞ্জয়বাবু আজকাল, বর্তমান ও আনন্দবাজার পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন।” এরপরেই তিনি লিখেছেন, “তাঁর সঙ্গে আমার অনেকদিনের পরিচয় ও হৃদ্যতা ছিল। তাঁর মৃত্যুতে সাংবাদিকতা জগতে শূন্যতার সৃষ্টি হল।আমি সঞ্জয় সিংহের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
বিজেপি (BJP) নেতা মুকুল রায়ের (Mukul Roy) সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সাংবাদিক সঞ্জয় সিংহের। ছোট্ট প্রতিক্রিয়ায় মুকুল বলেছেন, “বলিষ্ঠ সাংবাদিকতার প্রতীক ছিলেন সঞ্জয়। তাঁর মৃত্যুতে বাংলার সংবাদ জগতের অপূরণীয় ক্ষতি হল।” বর্ষীয়ান রাজ্যসভার কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya) এই বিশিষ্ট সাংবাদিকের প্রয়াণে শোকস্তব্ধ। শোকবার্তায় প্রদীপ ভট্টাচার্য বলেছেন, “সঞ্জয় সঙ্গে আমার পরিচয় প্রায় ত্রিশ বছরের। তখনও বর্ধমান জেলায় সাংবাদিকতা করত। সেই সময় থেকে ওকে চিনি। যেমন ভালো সাংবাদিক ছিল, তেমনই সংস্কৃতিবান একজন মানুষ। তথ্য সমৃদ্ধ ও যুক্তিগ্রাহ্য সাংবাদিকতার প্রতি ছিল সঞ্জয়ের ঝোঁক। একজন মানুষ যদি ব্যক্তিগতভাবে তার অপছন্দের থাকতো, তাহলে ওর সাংবাদিকতার কলমে তাঁকে নিয়ে ও নিরপেক্ষ খবরই প্রকাশ পেত। ভ্রাতৃপ্রতিম সঞ্জয় প্রয়াণে শোক প্রকাশের ভাষা নেই।”
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের (Congress) সভাপতি সোমেন মিত্র (Somen Mitra) সঙ্গেও দীর্ঘদিনের সম্পর্ক ছিল সাংবাদিক সঞ্জয় সিংহের। তাঁর মৃত্যুর খবরে নিজের শোকবার্তায় সোমেন মিত্র বলেছেন, “বিশিষ্ট সাংবাদিক বন্ধু সঞ্জয় সিনহার প্রয়াণে আমি গভীর মর্মাহত। প্রয়াত সঞ্জয় বাবুর সাথে আমার দীর্ঘ সময়ের সম্পর্কের স্মৃতি ভোলবার নয়। নিজের পেশার প্রতি সৎ দায়বদ্ধ একজন সাংবাদিক হিসাবে প্রকৃত তথ্যসমৃদ্ধ ও সত্য সংবাদ পরিবেশনে তাঁর ইতিবাচক ভূমিকা দৃষ্টান্ত হয়ে থাকবে।” তিনি আরও বলেছেন, “আমি তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।” বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেছেন, “সঞ্জয় সিংহের মৃত্যু সংবাদ জগতের জন্য অপূরণীয় ক্ষতি। কিন্তু তাঁর মৃত্যুতে আমার ব্যক্তিগতভাবেও ক্ষতি হল। তাঁর সঙ্গে আমার সম্পর্ক ছিল দাদা ভাইয়ের মতো। সে যখন যে সংবাদমাধ্যমে থেকেছে, প্রত্যেক ক্ষেত্রে আমার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিল। পারিবারিকভাবেও আমরা পরস্পরের সঙ্গে যোগাযোগ রেখে চলতাম। তাঁর পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার কাছে নেই।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news