রণবীর ভট্টাচার্য
সারা পৃথিবীর মানুষ ১৫ আগস্ট পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র ভারতের স্বাধীনতা দিবস হিসেবে জানেন। কিন্তু তিন দশক পরে, এই ১৫ আগস্ট, ১৯৭৫ সালে বাংলাদেশ দেখেছিল ভয়ানক হত্যালীলা যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান (Bangobandhu Sheikh Mujibur Rahman) নিহত হয়েছিলেন এক কলঙ্কিত অধ্যায়ে, যার কালিমা আজও বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ। যেই মানুষটি নিজের দেশকে স্বাধীনতা অর্জনের লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন, তাঁকে এভাবে কেন শেষ হতে হয়েছিল?
পরবর্তী চার দশকে এই নিয়ে তর্ক, বিতর্ক, শাস্তি, ফাঁসি সব হয়েছে আবার অনেক অপরাধী এখনও পালিয়ে রয়েছে। সারা বিশ্বের মানুষ জানেন রাজাকারদের কথা আর সেই বিশ্বাসঘাতকদের কথা, কিন্তু প্রশ্ন হল, এই ঘটনার পুনরাবৃত্তি কখনো ঘটবে না তো বাংলাদেশে? মুজিব-কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি দেশের উন্নতির এক বাতাবরণ তৈরি করেছেন এবং অনেক ক্ষেত্রেই বাংলাদেশের অগ্রগতি চোখে পড়ার মতো। এর আগে এরশাদ, খালেদা জিয়াদের সরকার অনেকক্ষেত্রেই যেভাবে ভারত বিরোধী পথে এগিয়েছেন, তাতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক সময়েই উপভোগ্য হয়ে ওঠেনি দুই দেশের কূটনীতিকদের কাছে। বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলার মত পরিপক্কতা কি রয়েছে বর্তমান বাংলাদেশী রাজনীতিকদের?
সমগ্র উপমহাদেশেই দেখা গিয়েছে, ভারত বাদ দিয়ে বাকি দেশগুলোতে কোনও না কোনও সময়ে সেনাবাহিনী অতিরিক্ত শক্তিশালী হয়ে গণতন্ত্রের উপর আঘাত হেনেছে। স্বয়ং মুজিবর রহমান কি কখনও ভাবতে পেরেছিলেন যে নিজের সোনার বাংলায় ‘১৫ ই আগস্ট, ১৯৭৫’ এর দিন আসতে পারে? বঙ্গবন্ধুর স্বপ্নের আওয়ামী লীগের কি শেখ হাসিনার (Sheikh Hasina) যোগ্য উত্তরসূরি রয়েছে? বর্তমানে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ (Awami League) এবং বিএনপি, উভয়ের ক্ষেত্রেই অবশ্য এই প্রশ্ন প্রযোজ্য।
সার্ক কূটনীতি শেষ ৫০ বছরে সবচেয়ে টালমাটাল এক পরিস্থিতির মুখোমুখি এখন। একদিকে করোনা ভাইরাস (Coronavirus) আর অন্যদিকে চিনের আগ্রাসন, বিশেষ করে ভারত – চিনের বিরোধ এক অভূতপূর্ব পরিস্থিতি তৈরি করেছে, যা শুধু সীমান্তের সংঘর্ষ নয়, ব্যবসায়িক দিক দিয়েও সংবেদনশীল দিক তৈরি করেছে। এই পরিস্থিতিতে ভারত – বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক একটি গঠনমূলক দিকে বজায় থাকলে, উপমহাদেশের শান্তির জন্য খুবই ফলপ্রসূ হবে। তবে একদিকে যেমন ভারতে বেআইনি বাংলাদেশী অনুপ্রবেশের দিক রয়েছে আবার বাংলাদেশে পাকিস্তানপন্থী ভারত বিরোধী শক্তির বাড়বাড়ন্ত চোখ এড়িয়ে যাওয়ার নয়। তবে বৃহত্তর স্বার্থে আলোচনাই শ্রেয় এবং বঙ্গবন্ধুর আদর্শে এগিয়ে চললে তা অবশ্যই সম্ভব।
১৫ আগস্ট বাংলাদেশে জাতীয় শোকের দিন। স্বাধীন বাংলাদেশ অবশ্যই বঙ্গবন্ধুর দেখানো পথে অগ্রসর হবে, এই বোধহয় আজকের দিনে এগিয়ে চলার পথে অনুপ্রেরণা বাংলাদেশের সমস্ত মানুষের কাছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news