চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
এ যেন বাঘের ঘরে ঘোগের বাসা ! এবার করোনা ভাইরাসের সংক্রমণের থাবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাড়ায়। তাও আবার আক্রান্ত হলেন খোদ তৃণমূল কংগ্রেসের (TMC) প্রতিষ্ঠাতা সদস্য তথা ফলতার তিনবারের বিধায়ক তমোনাশ ঘোষ। শুক্রবার রাতে করোনা সংক্রমণ নিয়ে তাঁকে আলিপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু পরে এই তৃণমূল বিধায়ককে স্থানান্তরিত করা হয় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন ৩০বি হরিশ চ্যাটার্জী স্ট্রিটের থেকে ঢিল ছোড়া দূরত্বে থাকেন তমোনাশ। সেখানেই করোনা ভাইরাসের সংক্রমণের আক্রমণ হওয়ায় প্রশ্নের মুখে পড়েছে সরকারি প্রশাসন।
যদিও, বর্ষীয়ান তৃণমূল বিধায়কের নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করেনি স্বাস্থ্য ভবন। কিন্তু, তমোনাশ ঘোষের (Tamonash Ghosh) ঘনিষ্ঠ বৃত্ত জানাচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। পশ্চিমবঙ্গ রাষ্ট্রিয় পরিবহন নিগমের চেয়ারম্যান তমোনাশ ঘোষ। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি পরিবহন চালু করার নির্দেশ দেন, গত সোমবার সেই নির্দেশ কার্যকর করতে দুর্গাপুর যান তিনি। সেখানেই করোনা ভাইরাসে আক্রান্ত হন। উপসর্গ ক্রমশ দৃঢ় হলে শুক্রবার কলকাতায় হরিশ চ্যাটার্জী স্ট্রিটের বাড়িতে ফিরে আসেন ফলতার বিধায়ক।
কলকাতাতেই লালারসের নমুনা পরীক্ষা হলে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ ধরা পড়ে। ভর্তি করা হয় হাসপাতালে। স্বাস্থ্য দফতর বা তৃণমূল নেতৃত্ব এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি। আর তমোনাশ ঘোষের মোবাইলে ফোন করা হলে তা বন্ধ থেকেছে। প্রসঙ্গত, ফলতার বিধায়ক ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান হওয়ার পাশাপাশি, তমোনাশ ঘোষ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ পদে রয়েছেন। তবে বর্তমানে তৃণমূলের ঘরোয়া রাজনীতিতে তিনি কোণঠাসা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা ডায়মন্ড হারবারের অধীনে ফলতার বিধায়ক তিনি। ফলতার স্থানীয় রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় বাড়বাড়ন্ত হয়েছে যুব নেতাদের। ফলতায় অভিষেকের প্রতিনিধি হিসেবে উঠে এসেছেন যুবনেতা জাহাঙ্গীর খান। এমন সমস্ত নেতাদের দাপটে প্রায় দু’বছর নিজের বিধানসভা কেন্দ্রে যাননি তমোনাশ। সূত্রের খবর, আগামী বিধানসভা নির্বাচনে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমোকে। প্রায় রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া আদি তৃণমূলী তমোনাশ ঘোষ এখন কোভিড ১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news