ওয়েব ডেস্ক:
চিটফান্ড নিয়ে কড়া আইন আনল কেন্দ্র। যার জেরে এবার চিটফান্ড নিয়ে যাবতীয় তদন্ত করবে সিবিআই। এইসঙ্গে ছয় মাসের মধ্যে টাকা ফেরতের সম্ভাবনাও থাকছে নতুন আইনে।
উল্লেখ্য, এ’রাজ্যে চিটফান্ড নিয়ে অভিযোগের শুরু ২০১৪ সালে। এরপর চিটফান্ডে প্রতারিত হয়ে মামলা করেছেন অসংখ্য মানুষ। গচ্ছিত টাকা ফেরত পাননি অধিকাংশ মামলাকারীই। কিছু চিটফান্ড তদন্ত সিবিআই করলেও প্রায় ৩৫০ চিটফান্ড মামলার ভবিষ্যৎ অন্ধকারেই। সেই সমস্ত মামলার দ্রুত নিষ্পত্তিতেই নতুন আইন আনল কেন্দ্র। আইনের নাম আন রেগুলেটেড ডিপোজিট স্কিম আইন ২০১৯।
জানা গিয়েছে, নয়া আইন অনু্যায়ী একজন আধিকারিক বিষয়টি দেখভাল করবেন। তাঁকে অবশ্যই সচিব পর্যায়ের পদমর্যাদার কেউ হতে হবে। তিনি তদন্ত, পরিদর্শন এবং সমন পাঠাতে পারবেন। এর জন্য রাজ্য সরকারের অনুমতির প্রয়োজন নেই। সিবিআই সরাসরি তদন্ত করতে পারবে। নতুন আইন অনুযায়ী আধিকারিক ৩০ থেকে ৬০ দিনের মধ্যে সম্পত্তি নিলাম করে বিক্রির ব্যবস্থা করতে পারবেন। পাশাপাশি, আরেকটি সমতুল আদালত তৈরি করা যাবে। যেখানে জেলা দায়রা আদালতের সমতুল বিচারক বসবেন। তিনি বিচার পক্রিয়া চালাবেন।
প্রসঙ্গত, পুরনো নিয়মে বছর ঘুরে যেত কে তদন্ত করবে তার ফয়সালা হতেই। এইসঙ্গে এরাজ্যে সিবিআই তদন্ত করতে গেলে অনুমতি নিতে হবে, এমন নির্দেশ ছিল। যার ফলে টাকা ফেরাবার জন্য একাধিক কমিটি হলেও কাজের কাজ কমই হয়েছে। তাছাড়া সম্পত্তি নিলামের জন্য সেবি সহ একাধিক কেন্দ্রীয় সংস্থার অনুমতির জন্য সময় কেটে যেত। এবার সেক্ষেত্রেও সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সারা দেশে এই আইন লাগু হওয়ার ফলে বহু আমানতকারী সুপ্রিম কোর্টের দারস্থ হয়ে সুবিধা পাবেন বলে আশাবাদী আইনজীবী মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news