চ্যানেল হিন্দুস্তান ঢাকা ব্যুরো:
জামিনে মুক্ত থাকা বিএনপি (BNP) চেয়ারপার্সন খালেদা জিয়াকে (Khaleda Jia) জন্মদিনে উপহার পাঠানোর বিষয়ে দুঃখ প্রকাশ করেছে ঢাকায় থাকা চিনা দূতাবাস (China Ambessy of Bangladesh)। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন গণমাধ্যমকে রবিবার রাতে এ তথ্য জানান।পররাষ্ট্রমন্ত্রী বলেন, “চিন নিজে থেকেই এ ঘটনার জন্য সরকারের কাছে দুঃখ প্রকাশ করেছে। তবে অন্য একটি কূটনীতিক সূত্রে জানা গেছে, ঢাকার পক্ষ থেকে বিষয়টি প্রথমে চিন দূতাবাসের নজরে আনা হয়। তার পরিপ্রেক্ষিতে দূতাবাস একটি ব্যাখ্যা দেয়। এই সময় তারা দুঃখও প্রকাশ করে। ”
চিনা দূতাবাস ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, দেশটির জাতীয় নীতি অনুযায়ী তারা বন্ধু দেশের প্রধান সারির নেতা ও বিরোধী নেতাদের জন্মদিনে উপহার পাঠায়। প্রতিবছর তারা এটি করে থাকে। বর্তমানে এটি তাদের কাছে রেওয়াজের মতো হয়ে গেছে। এ কারণেই তারা বিএনপি চেয়ারপারসনের জন্মদিনে প্রতি বছর উপহার পাঠায়। কিন্তু চিন দূতাবাস জানতো না যে, তার এ জন্মদিন পালন নিয়ে বিতর্ক আছে।
ঢাকার চিনা দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে খালেদা জিয়ার জন্মদিনে উপহার পাঠানো তাদের ভুল ছিল। বিষয়টি যে স্পর্শকাতর তা তারা আগে বুঝতে পারেনি। এমন ভুল আর হবে না বলেও তারা ঢাকাকে কথা দিয়েছে। খালেদা জিয়ার জন্মদিন নিয়ে অনেকদিন থেকেই দেশের রাজনৈতিক অঙ্গণে বিতর্ক চলে আসছে। বিভিন্ন সময় গণমাধ্যমে তার চারটি জন্মদিনের কথা এসেছে। সেগুলো হলো- ৫ আগস্ট, ১৯৪৪; ১৯ আগস্ট, ১৯৪৭; ৫ সেপ্টেম্বর, ১৯৪৬ এবং ১৫ আগস্ট, ১৯৪৬। তবে ১৫ আগস্ট তার জন্মদিন উদযাপন নিয়ে বিতর্ক হয় সবেচেয়ে বেশি। কারণ, এদিন জাতীয় শোক দিবস পালিত হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news