চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে (Coronavirus) অ্যাকটিভ রোগীর সংখ্যা এই মুহূর্তে বেড়ে দাঁড়াল ৩৩৪ জন। যদিও, কেন্দ্রীয় মতে এই সংখ্যা ৪২৩। বৃহস্পতিবার নবান্নের (Nabanna) সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা । তিনি বলেন, “নতুন যে ৫৮ জন আক্রান্ত হওয়ার খবর এসেছে, তার মধ্যে ২২টি কেস কয়েকটি পরিবারে সীমাবদ্ধ এবং ৩৬টি কেস বিভিন্ন জায়গার।” যা পরিসংখ্যান অনুযায়ী একদিনে সবচেয়ে বেশি। কলকাতার কনটেনমেন্ট জোনের মধ্যে পাঁচটা জোন থেকে কোনও কেস আসেনি বলে দাবি করেছেন তিনি। মুখ্যসচিব জানিয়েছেন, হাওড়া ও পূর্ব মেদিনীপুর জেলারও বেশ কয়েকটি কনটেনমেন্ট জোন থেকে কেস আসেনি। নতুন করে আর কারও মৃত্যু হয়নি বলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তিনি। রাজ্যে মৃতের সংখ্যা ১৫। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, ২৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা মোট ৪৫৬। এদিন সকাল ৮টা পর্যন্ত এই সংখ্যাটা ছিল ৪২৩।
বুধবার থেকে আজ পর্যন্ত ৯৫৩টি স্যাম্পেল টেস্ট হয়েছে বলে জানিয়েছেন মুখ্যসচিব। মালদায় হয়েছে ১২০টি টেস্ট, যার সবগুলোই রিপোর্ট নেগেটিভ। এই মুহূর্তে রাজ্যের ৬৬টি হাসপাতালে কোভিড চিকিৎসা হচ্ছে এবং ১২টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে বলেই জানিয়েছেন রাজীব সিনহা। বর্তমানে সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে আছেন ৪৬৯৫ জন এবং হোম কোয়ারেন্টাইনে আছেন ২৮,৪৩৩ জন। গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জন সুস্থ হয়ে ছাড়া পাওয়ার পরে রাজ্যে মোট সুস্থ হওয়ার সংখ্যা পৌঁছল ১০৩-এ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news