চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
ব্যাংক পরিষেবা ব্যাহত হওয়ার অজুহাতে দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের দিন লকডাউন তুলে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Mamata Banerjee Govt.)। আগস্ট মাসে লকডাউনের দিন বদল হয়েছে এই নিয়ে মোট ছয়বার সিদ্ধান্ত বদল করেছে নবান্ন (Nabanna)। কিন্তু, এতদিন লকডাউনের (Lockdown) দিন বদল নিয়ে দলীয় রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করার অভিযোগ ওঠেনি তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের বিরুদ্ধে। কিন্তু, বুধবার নবান্ন থেকে যে বিজ্ঞপ্তি জারি করেছে, তাতে বলা হয়েছে ২৭-২৮ আগস্ট লকডাউন হলে ব্যাংকিং পরিষেবা ব্যাহত হতে পারে। বৃহস্পতি ও শুক্রবার লকডাউনের পর মাসের শেষ সপ্তাহে শনি ও রবিবার ব্যাংক বন্ধ থাকলে জনজীবনে তার প্রভাব পড়বে। তাই ২৮ আগস্ট লকডাউন বাতিল করে দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র লকডাউন হবে ২০-২১, ২৭ ও ৩১ আগস্ট।

ঘটনাচক্রে, ২৮ আগস্ট দিনটিকে নিজেদের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে। প্রতি বছর এই দিনটিতে ধর্মতলার গাঁধী মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বক্তৃতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, এবছর তাঁর সরকার লকডাউন ঘোষণা করায় মুখ খোলেনি কোনও তৃণমূলের ছাত্র নেতা। রাজ্য বিজেপি যখন ৫ আগস্ট রামমন্দিরের ভুমি পুজনের দিনে লকডাউন প্রত্যাহারের দাবি জানিয়েছিল। তখনও, তৃণমূল নেতৃত্ব বলেছিল, দিদি দিনক্ষণ জেনে লকডাউন ঘোষণা করেন নি। একজন মুখ্যমন্ত্রী যেভাবে সিদ্ধান্ত নেন, সেভাবেই দিন ঘোষণা করা হয়েছে। কোনও রাজনৈতিক অঙ্ক কাজ করেনি। তাই ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনেও লকডাউন হচ্ছে।
অথচ এদিন নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে বাতিল করে দেওয়া হয়েছে ২৮ আগস্টের লকডাউন। প্রসঙ্গত, ২৮ আগস্টের দিন কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তাই ওইদিন লকডাউন প্রত্যাহারের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ। উল্লেখ্য করোনা ভাইরাসের সংক্রমণের মোকাবিলায় রাজ্যে সাপ্তাহিক লকডাউনের কর্মসূচি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, সাপ্তাহিক লকডাউন করার বদলে লকডাউনের কর্মসূচি ঠিক করতেই কালঘাম ছুটেছে নবান্নের। মোট ছয়বার দিন বদল করতে হয়েছে লকডাউনের। এবার তো দলীয় কর্মসূচির কারণে লকডাউন বাতিল করা হয়েছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। এই অভিযোগের কোনও জবাব এখনও আসেনি তৃণমূল শিবির থেকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news