চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আশ্বাসেও কাজ হল না। সোমবার থেকে শহর কলকাতায় বেসরকারি বাস চালানো সম্ভব নয় বলে জানিয়ে দিলেন বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, আজকে কলকাতা সহ বিভিন্ন জেলাগুলির থেকে প্রায় ৯৫ শতাংশ বাস সংগঠনগুলির মালিকরা উপস্থিত ছিলেন । তাদের মধ্যে একটি বিভাজন তৈরি করার চেষ্টা চলেছে বলে অভিযোগ করেছেন তিনি । কিন্তু সংগঠনগুলি কখনোই চায় না তাদের মধ্যে ঐক্য নষ্ট হোক। রাজ্য সরকারের ১৫ হাজার টাকা অনুদান দেওয়ার কথা তারা মানতে নারাজ। তাদের দাবি, বাস ভাড়া বৃদ্ধি করতে হবে ।
গত একমাস ধরে তারা নিজের পকেটের টাকা খরচা করে সাধারণ মানুষকে বাস পরিষেবা দিয়েছে। তাদের পক্ষে আর পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। বাস ভাড়া বৃদ্ধি করতেই হবে, এমনটাই তাদের দাবি। পাশাপাশি তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কৃষি ক্ষেত্রের পরেই পরিবহন সংস্থার সাথে যুক্ত সবচেয়ে বেশি মানুষ। প্রায় ৪৫ হাজার মানুষ জড়িয়েছেন পরিবহন পরিষেবার সঙ্গে । আর তার সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের আর্থিক অবস্থা। তাই আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে কোনওভাবেই বাস পরিষেবা দেওয়া সম্ভব নয়।
লকডাউন উঠে যাওয়ার পর রাজ্য সরকার দ্রুত পরিবহণ পরিষেবা (Transport System) স্বাভাবিক করতে সরকারি বাস রাস্তায় নেমেছে। সঙ্গে বেসরকারি বাসমালিকদের অনুরোধ করা হয়েছিল দ্রুত যেন তারা পাস রাস্তায় নামান। কিন্তু, কোনওভাবেই আগের ভাড়াতে বাস রাস্তায় নামাতে নারাজ বাস মালিকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাসিক ১৫ হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা বললেও তাতে রাজি হননি বাস মালিকরা। পরিবহন পরিষেবা নিয়ে মানুষের দুর্ভোগ চলবে বলেই মনে করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news