সূর্য সরকার।
নাগরিকত্ব সংশোধনী আইন (CAA), এনআরসি ও এনপিআর নিয়ে প্রচার আরও জোরদার করতে প্রশিক্ষণ দিয়ে নেতা কর্মীদের রাজপথে নামতে চায় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। সেই লক্ষ্যেই কলকাতায় আসছেন প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেসের বরিষ্ঠ নেতা পি. চিদাম্বরম (P Chidambram)। আগামী ১৮ জানুয়ারি প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবনে সকাল ১১টা থেকে এক কর্মশালার আয়োজন করেছে কংগ্রেস নেতৃত্ব। মূলত সংশোধনী নাগরিকত্ব আইন, এনআরসি (NRC) এবং এনপিআর (NPR) নিয়ে বাংলার নেতাকর্মীদের সম্পূর্ণ অবগত করতে একটি কর্মশালার আয়োজন করেছে প্রদেশ নেতৃত্ব। আন্দোলন যাতে আরও ক্ষুরধার হয় সেদিকেই নজর রয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের (Somen Mitra)।
আন্দোলনে নামতে হলে মানুষকে আরও বেশী করে সজাগ করতে হবে এনআরসি, সিএএ এবং এনপিআর নিয়ে, ঘরোয়া আলোচনায় পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতাদের তা স্পষ্ট ভাষায় বুঝিয়েছেন সোমেন মিত্র। সঙ্গে তিনি বলেছেন, সিএএ, এনআরসি ও এনপিআরের নেতিবাচক দিকগুলো আরও বেশি করে মানুষের সামনে আনতে হবে।কোন কোন বিষয়ের উপর জোর দেওয়া প্রয়োজন তাও ভালোভাবে জানা দরকার বলেই চিদম্বরমের মতো প্রাজ্ঞ ব্যক্তিত্বকে পশ্চিমবঙ্গে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এআইসিসি। আইনজীবীর তথা প্রাক্তন অর্থমন্ত্রী এসে প্রশিক্ষণ দিয়ে এলে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব উপকৃত হবে বলেই মনে করছে বিধান ভবন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news