নিজস্ব সংবাদদাতা।
কোচবিহারে (Coochbihar) পুলিশি হেফাজতে বিজেপি নেতার মৃত্যুর ঘটনায় পুলিশ প্রশাসনের অস্বস্তি বাড়ছে। সোমবার রাতে জেল হেফাজতে মৃত্যু হয়েছে দিনহাটার বিজেপি (BJP) নেতা রামপ্রসাদ বারুইয়ের। পুলিশের অত্যাচারেই ৭৬ বছর বয়সের এই নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। মৃত্যু নিয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত দাবি করেছে বিজেপি। আর তাতেই চাপে পড়েছে কোচবিহার পুলিশ। ঘটনা প্রসঙ্গ চুপ করে আছে পুলিশ প্রশাসন। সিতাইয়ের তৃণমূল (TMC) বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়াকে হেনস্থা করার অভিযোগে গত ৩১ ডিসেম্বর এই বিজেপি নেতাকে গ্রেফতার করেছিল পুলিশ। দিনহাটার গোসানিমারির বাসিন্দা রামপ্রসাদ বারুইয়ের সঙ্গেই গ্রেফতার করা হয়েছিল তাঁর ছেলে ও নাতিকেও।
দিনহাটার জেলে থাকাকালীন গত ৯ জানুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রামপ্রসাদ। তাঁকে তড়িঘড়ি দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়। বিজেপির পক্ষে দাবি করা হয়েছে, “দিনহাটা হাসপাতালে চিকিৎসা করিয়ে ১১ তারিখ আবার দিনহাটা জেলে পাঠানো হয়েছিল তাঁকে। অথচ সোমবার কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। কবে তাঁকে নিয়ে আসা হল কোচবিহারে? কীভাবে তাঁর মৃত্যু হল? এসব কিছুই পরিষ্কার নয়।”
বিজেপির আরও অভিযোগ, পুলিশের নির্যাতনে মৃত্যু হয়েছে রামপ্রসাদের। দলের পক্ষে এই মৃত্যু নিয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তও দাবি করেছে তারা। তদন্ত না হলে মৃত নেতার মৃতদেহ তাঁরা গ্রহণ করবেন না বলেও স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন দিনহাটার বিজেপি নেতৃত্ব। পুলিশের নির্যাতনেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন মৃত নেতার স্ত্রী প্রতিমা বারুইও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news