ওয়েব ডেস্কঃ
ফেসবুককে ৫০০ কোটি মার্কিন ডলার জরিমানা করার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে মার্কিন ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। গ্রাহকের ব্যক্তিগত ডেটা গোপন রাখতে না পারায় এই জরিমানা বলে জানা গেছে।
পাশাপাশি ফেইসবুককে একটি প্রাইভেসি কমিটিও গঠন করতে বলা হয়েছে যার ওপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না প্রতিষ্ঠান প্রধান মার্ক জাকারবার্গের।
সুত্রের খবর, কেমব্রিজ অ্যানালিটিকা তথ্য কেলেঙ্কারির ঘটনায় অবৈধভাবে ৮.৭ কোটি গ্রাহকের তথ্য দেওয়ার জন্য দায়ী করা হয় বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটিকে। পরে এতে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির মতো অন্যান্য ঘটনা যোগ করে এফটিসি।
ফেসবুকের বিরুদ্ধে আরও অভিযোগ, দুই স্তরের যাচাই ব্যবস্থার জন্য নেওয়া গ্রাহকের ফোন নাম্বার যে বিজ্ঞাপনের কাজে ব্যবহার করা হয় সেটিও অবৈধ। গ্রাহকের গোপনীয়তা রক্ষা না করায় এটিই কোনো প্রতিষ্ঠানের ওপর সবচেয়ে বড় জরিমানার অঙ্ক।
এই বিষয়ে ফেসবুক কর্ণধার জানান, ‘গ্রাহকের গোপনীয়তা রক্ষায় আমাদের দায়িত্ব রয়েছে’।
একটি ফেসবুক পোস্টে তিনি বলেন, প্রতিষ্ঠানের পণ্যগুলো কীভাবে বানানো হচ্ছে এবং প্রতিষ্ঠান কীভাবে চলছে তা ঠিক করতে কাঠামো বদলানো হবে। গোপনীয়তার বিষয়গুলো এখন নতুন একজন প্রাইভেসি কর্মকর্তা দেখবেন বলেও জানানো হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news