সূর্য সরকার।
২০২৫ সালের মধ্যে দেশে পেট্রোল-ডিজেলের গাড়ি ব্যবহার বন্ধ করে ব্যাটারিচালিত গাড়ি বা ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার বাধ্যতামূলক করার নীতি নিয়েছে কেন্দ্রীয় সরকার (Central government)। এই সময়সীমা নিয়ে কেন্দ্রের সঙ্গে মতবিরোধ থাকলেও দূষণ রোধে রাজ্যে ইলেকট্রিক ভেহিকেলকে উৎসাহ দেওয়ার নীতি নিয়েই এগোতে চাইছে রাজ্যও। ইতিমধ্যেই শহর ও শহরতলীতে চালু হয়েছে বৈদ্যুতিন বাস। আগামীদিনের বাস সহ অন্যান্য ব্যাটারি চালিত যানবাহনের প্রচলন বাড়াতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। ব্যাটারিচালিত গাড়ির নির্মাণ ও ব্যবহারের পরিকাঠামো তৈরি করতে কেন্দ্রীয় সরকার ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সারাদেশে ব্যাটারিচালিত গাড়ির চার্জিং স্টেশন তৈরির জন্য। এই প্রকল্পে এগিয়ে এসেছে রাজ্যও। কলকাতা মেট্রোপলিটন এলাকায় ব্যাটারিচালিত গাড়ির আরও প্রায় আড়াইশো চার্জিং স্টেশন তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাসের মতো গণপরিবহন ছাড়াও ব্যক্তিগত গাড়ির মালিকেরা অত্যন্ত অল্প দামে ওই চার্জিং স্টেশনগুলি থেকে নিজেদের গাড়ি চার্জ দিতে পারবেন। এই প্রকল্পে ২২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে।
রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা ব্যাটারি চালিত যানবাহনের চার্জিং স্টেশন তৈরীর দায়িত্ব পেয়েছে নোডাল এজেন্সি হিসেবে। ওই সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, ‘ আমরা বৃহত্তর কলকাতার রাস্তায় প্রতি তিন কিলোমিটার অন্তর একটি করে চার্জিং স্টেশন তৈরীর লক্ষ্যমাত্রা নিয়েছি। এরমধ্যে ষাটটি জাতীয় সড়কের ওপর তৈরি করা হবে। যার মধ্যে দশটি হবে ভারী যানবাহনের জন্য। ‘ ইতিমধ্যেই এই চার্জিং স্টেশনগুলি তৈরির জন্য জায়গার সন্ধান করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। তৈরি করা হচ্ছে নির্দিষ্ট ট্যারিফ।বৈদ্যুতিক যানবাহনের দাম কিছুটা বেশি হলেও এগুলির পরিচালন খরচ পেট্রোল ডিজেল গাড়ি তুলনায় অনেকটাই কম বলে পরিবহন কর্তাদের দাবি।
তাঁরা জানিয়েছেন, এই ধরনের গাড়ি মাত্র ১ থেকে ২ টাকা খরচে প্রতি কিলোমিটার পথ চলতে পারে। শহর কলকাতাতেও এরকম অনেকগুলি চার্জিং স্টেশন (Charging Station) তৈরির কাজ চলছে বলে তিনি জানিয়েছেন। সিইএসসি, কলকাতা পুরসভা এবং ক্রেডাই যৌথভাবে এই চার্জিং স্টেশনগুলি তৈরি করছে।মা ফ্লাইওভার, এজেসি বোস রোড ফ্লাইওভারের তলায় এবং ঢাকুরিয়ায় একটি বহুতল আবাসনেও এই ধরনের চার্জিং স্টেশন তৈরি করা হচ্ছে। এখন দেখার বিষয় কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাত মিলিয়ে কত তাড়াতাড়ি রাজ্য সরকার শহর কলকাতা সহ সারা রাজ্যে এই ধরনের চার্জিং স্টেশন তৈরি করতে সক্ষম হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news