চ্যানেল হিন্দুস্তান।
করোনা ভাইরাসের মোকাবিলায় পশ্চিমবঙ্গের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman) জানিয়েছেন, চলতি আর্থিক বছরের বিপর্যয় মোকাবিলা খাতে প্রথম কিস্তির টাকা পশ্চিমবঙ্গে বরাদ্দ করা হয়েছে। বাংলার জন্য এই খাতে বরাদ্দ করা হয়েছে ৫০৫ কোটি ৫০ লক্ষ টাকা। পশ্চিমবঙ্গকে রাজস্ব ঘাটতি মেটাতে শুক্রবার বরাদ্দ করা হয়েছে আরও ৪১৭ কোটি ৭৫ লক্ষ টাকা। অর্থাৎ, পশ্চিমবঙ্গের জন্য মোট ৯২৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে নরেন্দ্র মোদীর সরকারের তরফে। সম্প্রতি বুলবুল ঘূর্ণিঝড়ের জন্য ক্ষতিপূরণের বকেয়া ১০৯৮ কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে কেন্দ্র।
বিপর্যয় মোকাবিলা খাতে প্রথম কিস্তিতে সব রাজ্যকে মোট ১১,০৯২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজস্ব ঘাটতি মেটাতে পশ্চিমবঙ্গ ছাড়াও আরও ১৩টি রাজ্যকে অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে সবথেকে বেশি বরাদ্দ পেয়েছে বাম শাসিত রাজ্য কেরল। কেরলের জন্য বরাদ্দ করা হয়েছে ১২৭৬ কোটি ৯১ লক্ষ টাকা। এই চোদ্দটি রাজ্যকে এই খাতে মোট বরাদ্দ করা হয়েছে ৬১৫৭ কোটি ৭৪ লক্ষ টাকা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news