নীল বণিক:
সারধা ও রোজভ্যালি কেলেঙ্কারির তদন্তের দায়িত্ব থেকে সরানো হল রাকেশ আস্থানাকে। তাঁর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে তাকে সমস্ত মামলার তদন্ত থেকে সরিয়ে দিলেন সিবিআই ডিরেক্টর অলোক ভার্মা। সিবিআই সূত্রে খবর, এর ফলে সারধা, নারদা, রোজভ্যালি কাণ্ডের তদন্তের ভারও আর আস্থানার হাতে থাকবে না।
গুজরাত ক্যাডারের আইপিএস অফিসার রাকেশ আস্থানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আস্থাভাজন বলেই পরিচিত ছিলেন। গুজরাত পুলিশ থেকে সিবিআই-এ তাঁর পদোন্নতির নেপথ্যেও সেই রসায়ন ছিল বলেই মনে করে রাজনৈতিক মহল। কিন্তু প্রধানমন্ত্রীর আস্থাভাজন আস্থানার সঙ্গে সিবিআই ডিরেক্টর অলোক ভার্মার সংঘাত সাম্প্রতিককালে চরমে পৌঁছেছিল। প্রথমে সিবিআই ডিরেক্টার অলোক ভার্মার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন আস্থানা। তার পরে ঘুষ কাণ্ডে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে অলোক ভার্মার নেতৃত্বাধীন সিবিআই। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সচিবালয়ে একটি চিঠি পাঠিয়ে অলোক ভার্মা বলেছেন, এখনই রাকেশ আস্থানাকে সাসপেন্ড করা উচিত। নইলে সিবিআই-এর ভাবমূর্তি নষ্ট হবে।
সূত্রের মতে, এ ব্যাপারে অলোক ভার্মাকে কিছুটা ঠাণ্ডা করার চেষ্টা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। তবে তিনি সরকারের কথায় কান না দিয়ে সারধা ও নারদার তদন্ত থেকে সরিয়ে দিলেন আস্থানাকে।
যদিও সিবিআই সূত্রে বলা হচ্ছে, এর ফলে রাকেশ আস্থানার পদ থাকলেও কোনও কাজ থাকবে না। তাঁর বিরুদ্ধে যে ঘুষ-মামলা রয়েছে তাতে আগাম জামিন পাওয়ার কোনও সম্ভাবনাও নেই। আইনত তা মুশকিল। ফলে সাউথব্লক থেকে ইঙ্গিত মিলতেই রাকেশ আস্থানাকে গ্রেপ্তার করা হতে পারে।
যদিও আজই দিল্লি হাইকোর্ট জানিয়ে দিয়েছে, আস্থানার বিরুদ্ধে আগামী সোমবার অবধি পুলিশ কোনও পদক্ষেপ নিতে পারবে না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news