নীল রায়।
দিল্লিতে মুকুল রায়কে ঘন্টা তিনেক জেরা করেছে সিবিআই। তাও আবার তাঁদের সদর দপ্তরে ডেকে। বুধবারই কলকাতায় প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেস হাজিরার নোটিস ধরিয়েছে তাঁরা। সঙ্গে হাজিরার নোটিশ দিয়েছে তৃণমূলের আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দারকে। এমন ঘটনার ঘনঘটার দিনের শেষবেলায় সিবিআই নোটিশ পাঠানো হল রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। সূত্রের খবর নারদা মামলায় এই দুই নেতাকে নিজাম প্যালেস হাজিরা নোটিশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
যদিও তৃণমূলের পক্ষ থেকে একথা এখনও স্বীকার করা হয়নি। তবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে এই দুই নেতাকে হাজির হতে বলা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ বাংলার রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ ৩১ আগস্ট বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক তথা সদ্য বিজেপিতে যোগদান করা শোভন চট্টোপাধ্যায়কে সিবিআই ডেকেছে। ওই সপ্তাহেই অপরুপা পোদ্দারকেও ডেকেছে তাঁরা। আবার একই সপ্তাহে ডাকা হয়েছে শুভেন্দু-সুব্রতকে। বুধবার ধর্মতলার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছেন। অভিযোগ করেছেন কেন্দ্রীয় এজেন্সিগুলোর অপব্যবহারের। কিন্তু তৃণমূল নেতাদের সঙ্গে সদ্য বিজেপিতে যোগদানকারী শোভন চট্টোপাধ্যায়কে সিবিআই তলব করায় মুখ্যমন্ত্রীর অভিযোগ সেভাবে গুরুত্ব পাবে না বলে মনে করছে বাংলা রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news