নীল রায়।
আরও বিপাকে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার ! কোনওরকম গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই রাজীব কুমারকে গ্রেফতার করতে পারবে সিবিআই। তার জন্য রাজ্য সরকারের আগাম অনুমতি কোনও প্রয়োজন নেই। এমনটাই জানিয়ে দিল আলিপুর আদালত। বৃহস্পতিবার দিনভর শুনানির পর রাত নটা নাগাদ রায়দান করেন বিচারক সুব্রত চট্টোপাধ্যায়। সেই নির্দেশে তিনি জানান, সিবিআই চাইলে গ্রেফতার করতে পারে রাজীব কুমারকে। এমন রায়ের পর সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে সিবিআই রাজীব কুমারের বিরুদ্ধে সবরকম ব্যবস্থা নিতে পারে, এমনটাই মত আইন মহলের।
এদিন আলিপুর আদালতে সিবিআই রাজীব কুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছিল। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই আবেদন অবশ্য খারিজ করে দিয়েছে আলিপুর আদালত। তাতে অবশ্য কোনও সুরাহা হয়নি রাজীব কুমারের। কারণ কলকাতা শহর জুড়ে যেভাবে সিবিআই তাঁকে খুঁজে বেড়াচ্ছে, তাতে আর কতদিন তিনি অন্তরালে থাকতে পারবেন, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। প্রসঙ্গত, এদিন আদালতে সিবিআই জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে তারা এই মামলার তদন্ত করছেন। অথচ তদন্তের ক্ষেত্রে রাজীব কুমার সহযোগিতার বদলে তাদেরকে দিনের-পর-দিন এড়িয়ে চলেই এই অচলাবস্থা তৈরি করেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news