নীল রায়।
প্রায় এক ঘণ্টা আটকে থাকার পর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে রাজ্যপালের কনভয় নিরাপদে বের করতে সক্ষম হল কলকাতা পুলিস। সেই কনভয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে নিয়ে গেলেন তিনি। কার্যত বিক্ষোভরত ছাত্রছাত্রীদের চোখে ধুলো দিয়ে রাজ্যপালের কনভয় বিশ্ববিদ্যালয়ের বাইরে বের করে দেওয়া হয় বলে জানা গিয়েছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভের মুখে আটকে পড়েছিলেন বাবুল সুপ্রিয়। এবিভিপি আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় এসেছিলেন তিনি। তাঁকে ছাড়াতে ক্যাম্পাসে যান আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনখড়। বাবুলের হাত ধরে গাড়িতে তোলেন রাজ্যপাল।
রাজ্যপালের কনভয় আটকে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা। তাঁদের দাবি, ক্ষমা চাইতে হবে বাবুল সুপ্রিয়কে। ছাত্রছাত্রীদের একাধিক প্রস্তাব দেওয়া হয়। রাজভবনে এসে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের প্রস্তাবও বিক্ষোভকারীদের দেয় পুলিস। ঘণ্টাখানেক আটকে থাকার পরও ছাত্রছাত্রীরা পুলিসের আবেদনে সাড়া দেয়নি। এরপর তাঁদের চোখে ধুলো দিয়েই রাজ্যপাল ও বাবুল সুপ্রিয়কে কনভয় সমেত বের করে দেওয়া হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news