নীল রায়।
তৃণমূলের দলীয় মুখপত্র ‘জাগো বাংলা’র তহবিল সংক্রান্ত তদন্তে ডেরেক ও’ব্রায়েনকে নোটিস পাঠাল সিবিআই। শুক্রবার রাতে তৃণমূলের পক্ষ থেকে একথা জানানো হয়। আগামী ১ আগাস্ট তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে বলে খবর। এর আগে জাগো বাংলার সম্পাদক তথা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকেও তলব করেছিল সিবিআই। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেকের অভিযোগ, “সংসদে তথ্যের অধিকার সংশোধনী বিলের বিরোধিতা করার জেরেই সিবিআই নোটিস ধরানো হয়েছে তাঁকে। উল্লেখ্য, ২৫ জুলাই তাঁকে নোটিস পাঠানো হয়েছে। ডেরেক বলেছেন, “রাজ্যসভায় আরটিআই আইনের সংশোধনী বিল নিয়ে বিরোধিতা করেছিল তৃণমূল। সে কারণেই পাঠানো হল নোটিস। সিবিআই তলবকে রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত বলে অভিযোগ করেছে তৃণমূল শিবির।
‘জাগো বাংলা’র তহবিল সংক্রান্ত খুঁটিনাটি ব্যাপারে জানতে এ বছর গোড়ার দিক থেকে তোড়জোড় শুরু করেছিল সিবিআই। ওই মুখপত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন স্বাক্ষরকারীর একজন মানিক মজুমদারকে তাঁর কালীঘাটের বাসভবনে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন সিবিআই আধিকারিকরা। গতবছর ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রীর বাসভবন ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ওই নোটিসে মানিক মজুমদার, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা জাগো বাংলার সম্পাদক সুব্রত বক্সি ও জাগো বাংলার প্রকাশক তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। সেই সময় সিবিআই-কে দলীয় মুখপত্রের তহবিল সংক্রান্ত নথিপত্র দিয়ে এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সি। এবার জেরা করতে ডাকা হল তৃণমূলের জাতীয় মুখপাত্রকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news