নিজস্ব সংবাদদাতা।
অবশেষে গ্রেপ্তার প্রাক্তন অর্থমন্ত্রী পি. চিদম্বরম৷ বুধবার রাতে পাঁচিল টপকে বাড়িতে ঢুকে নাটকীয়ভাবে তাঁকে গ্রেপ্তার করে সিবিআই৷ বৃহস্পতিবার সিবিআই আদালতে তোলা হবে তাঁকে৷ মঙ্গলবার সন্ধে থেকেই কার্যত উধাও হয়ে গিয়েছিলেন চিদম্বরম। প্রায় ২৭ ঘণ্টা পর বুধবার সন্ধেয় নাটকীয় ভাবে কংগ্রেস দপ্তরে পৌঁছন তিনি৷ তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলেই দাবি করেন প্রাক্তন অর্থমন্ত্রী৷ এরপর দিব্যি হাসিমুখে জোড়বাগে নিজের বাড়িতে চলে যান চিদম্বরম৷ প্রায় সঙ্গে সঙ্গেই সিবিআই আধিকারিকরা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে পৌঁছন৷ তবে মূল ফটক বন্ধ থাকায় ঢুকতে পারেননি তাঁরা৷ তাই বাধ্য হয়ে ২০-২৫ জন সিবিআই আধিকারিকরা পাঁচিল টপকে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাড়িতে ঢোকেন৷
সিবিআইয়ের পিছু পিছু এনফর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরাও প্রাক্তন চিদম্বরমের বাড়িতে পৌঁছন৷ পিছনের দরজা দিয়ে চিদম্বরমের বাড়িতে ঢোকেন আধিকারিকরা৷ বাড়ি ঘিরে ফেলে দিল্লি পুলিশ৷ চিদম্বরমের বাড়ির সামনে হট্টগোল জুড়ে দেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। বিক্ষোভ হঠানোর চেষ্টা করেন পুলিশ৷ মুহূর্তের মধ্যে ভিড় প্রায় হঠিয়ে দেওয়া হয়।
এরপরই সিবিআই আধিকারিকরা হাতেনাতে গ্রেপ্তার করেন পি চিদম্বরমকে৷ তাঁকে আপাতত সিবিআই হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছে৷ সূত্রের খবর, সিবিআই দপ্তরের ১০ তলাতেই আপাতত জিজ্ঞাসাবাদ করা হবে প্রাক্তন অর্থমন্ত্রীকে৷ বৃহস্পতিবার সিবিআই আদালতে তোলা হবে তাঁকে৷ রাজনৈতিক হিংসা চরিতার্থ করতেই পি চিদম্বরকে গ্রেপ্তার করা হয়েছে বলেই দাবি ছেলে কার্তির৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news