ভাস্কর মান্না:
সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন প্রাক্তণ কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। আইএনএক্স মিডিয়া কাণ্ডে আগাম জামিনের আর্জি খারিজ হওয়ার ৩০ ঘন্টা পর গ্রেফতার হলেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা। সিবিআই সূত্রে খবর, চিদম্বরমকে কাল সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হবে।
আজ গ্রেফতার হওয়ার আগে কংগ্রেস দফতরে একটি সাংবাদিক সম্মেলন করেন প্রাক্তণ কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “আমি কোনোভাবে আইএনএক্স মিডিয়া কাণ্ডে তিনি জড়িত নই। সিবিআই ও ইডি আমার বিরুদ্ধে কোনো চার্জশিট দাখিল করেনি। অথচ আমাকে গ্রেফতার করতে তৎপর হয়েছে।” এদিন সাংবাদিক সম্মেলনের পর তিনি কংগ্রেস দফতর থেকে চলে যান। এরপর সিবিআই, ইডি ও দিল্লি পুলিশের বিশাল বাহিনী চিদম্বরমের জোড়বাগের বাড়িতে পৌঁছয়। সেখানে সিবিআইয়ের অফিসারেরা চিদম্বরমের জন্য ফাঁদ পেতে বসেছিলেন। নাটকীয়ভাবে প্রায় ৯৫ মিনিট পর গ্রেফতার হন চিদম্বরম।
চিদম্বরমের বিরুদ্ধে অভিযোগ, অর্থমন্ত্রী থাকাকালীন ২০০৭ সালে চিদম্বরম ৩০৫ কোটি টাকার বিনিময়ে আইএনএক্স মিডিয়ার বরাত বিদেশী কোম্পানীকে পাইয়ে দেয়। এরফলে যে কোম্পানীর ফায়দা হয়েছে, সেই কোম্পানী চালাতেন চিদম্বরমের পুত্র কার্তি চিদম্বরম। এই কাণ্ডে সিবিআই ১৫ মার্চ ২০১৭ সালে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২০১৮ সালে বিদেশে অর্থ পাচার মামলায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে ইডি। এছাড়া ২০১৭ সালে এয়ারসেল-ম্যাক্সিস মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত, এর আগে চিদম্বরমের দ্রুত জামিনের আর্জি নিয়ে কংগ্রেসের উকিল নেতা কপিল সিব্বল সুপ্রীম কোর্টে যায়। এই মামলায় সুপ্রীম কোর্ট দু’বার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেন। সুপ্রীম কোর্ট জানায় আগামী শুক্রবার এই মামলার শুনানি হবে। এর আগে মঙ্গলবার দিল্লি হাইকোর্ট আইএনএক্স মিডিয়া কাণ্ডের দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে চিদম্বরমের জামিনের আর্জি খারিজ করে দেন। এরপর থেকেই চিদম্বরমের খোঁজ চালায় সিবিআই ও ইডি। বারবার তাঁর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় সংস্থাগুলি। অবশেষে তাঁকে না পেয়ে লুক আউট নোটিশ জারি করে ইডি।
বাবার গ্রেফতারি প্রসঙ্গে ছেলে কার্তি চিদম্বরম বলেন, সিবিআই ও ইডি কিছু লোককে খুশি করার জন্য এরকম করছে। ইডি অনেকবার তাঁকে নোটিশ পাঠিয়েছে। প্রত্যেকবারই তিনি হাজিরা দিয়েছেন। এই নিয়ে আমরা উচ্চ আদালতে যাব এবং নির্দোষ প্রমান করব। তিনি আরও বলেন, “নিশ্চিত রূপে বিজেপির নির্দেশে এসব হচ্ছে।” এ প্রসঙ্গে বিজেপির এক কেন্দ্রীয় নেতা বলেন, তাঁদের বিরুদ্ধে দুর্নীতির যথেষ্ট প্রমাণ রয়েছে। তাই দিল্লি হাইকোর্ট জামিনের আর্জি খারিজ করে দিয়েছে। নিজের পুরো পরিবার আর্থিক দুর্নীতি মামলায় যুক্ত। তাই তাঁদেরকে শাস্তি পেতেই হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news