দেবক বন্দ্যোপাধ্যায়
:
এবার অরুণাভ ঘোষের বিরুদ্ধে আদলতে যাওয়ার হুমকি দিলেন রাজ্য তৃণমূলের সহঃ সভাপতি নির্বেদ রায়। কলেজে ছাত্র ইউনিয়ন তুলে দিয়ে ছাত্র কাউন্সিল গঠন করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র- ছাত্রীরা সরকারি এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ আন্দোলন শুরু করেছে। প্রেসিডেন্সি কলেজও আলাদা করে শুরু করেছে প্রতিবাদ। তৃণমূল ছাত্র পরিষদ ছাড়া সবকটি ছাত্র সংগঠনই এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছে। শণিবার ছাত্রদের সমর্থনে এগিয়ে এসে চ্যানেল হিন্দুস্তানের সামনে অরুণাভ এমন কিছু মন্তব্য করেছেন যা নিয়ে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গেছে। কি বলেছিলেন অরুণাভ? রাজ্যের মুখ্যমন্ত্রীকে ‘নিম্ন মেধার ছাত্রী’ এবং শিক্ষামন্ত্রীকে ‘টুকলিবাজ’ বলে কটাক্ষ করেন। অরুণাভ ঘোষ তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন আক্রমণাত্মক উক্তি করার জন্য বিখ্যাত। তবে এবার মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অরুণাভর মন্তব্য মেনে নিতে পারছে না তৃণমূল। রবিবার, নির্বেদ রায় বলেন, “অরুণাভবাবু সম্ভবত চাইছেন মাননীয় শিক্ষামন্ত্রী তাঁর বিরুদ্ধে মামলা করুন। যাতে পার্থবাবুকে তিনি তাঁর আইনি চৌহদ্দিতে পেতে পারেন। সেরকম বুঝলে আমরা তাঁর ইচ্ছাপুরণ করতে পারি।” কিছুদিন আগেও অরুণাভ ঘোষ আর নির্বেদ রায় দু’জন অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন। রাজনৈতিক পথ চলার একটা বাঁকে এসে নির্বেদ এখন তৃণমূলে আর অরুণাভ এখনও পর্যন্ত কংগ্রেসে। ‘বন্ধুর’ হুমকির পাল্টা দিতে সময় নষ্ট করেননি অরুণাভ। বলেছেন, “আমিও চাই মামলা আদালতে আসুক। কোর্টেই দেখা হবে।”
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন :-
মুখ্যমন্ত্রী নিম্নমেধার ছাত্রী, শিক্ষামন্ত্রী টুকলিবাজ, ছাত্রদের সমর্থনে বেপরোয়া অরুণাভ
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news