চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ হোয়াইট হাউসের পর এবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে দুষ্কৃতী হামলা । স্থানীয় সময় বিকেল সাড়ে চারটে নাগাদ ঋষি সুনাকের বাসভবনে ধাক্কা দিল একটি গাড়ি। জানা গিয়েছে ঘটনার সময় নিজের বাসভবনেই ছিলেন তিনি । বর্তমানে প্রশ্ন উঠছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে। পুলিশ সুত্রে খবর, বিকেল ৪টে ২০ নাগাদ আচমকাই ১০ ডাউনিং স্ট্রিটের গেটে এসে ধাক্কা মারে একটি গাড়ি। সঙ্গে সঙ্গেই গাড়ির চালককে ধরে ফেলেন ঘটনাস্থলে মোতায়েন পুলিশ আধিকারিকরা। তবে ঘটনায় হতাহতের খবর মেলেনি। এই ঘটনার বিশদ তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে ইতিমধ্যেই মুল অভিযুক্ত কে গ্রেপ্তার করা হয়েছে । ডাউনিং স্ট্রিট সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময়ে নিজের বাসভবনেই কাজে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বাসভবন ছেড়ে কেউ যেন বাইরে না বেরন, সেরকমই নির্দেশ দেন নিরাপত্তা আধিকারিকরা। তবে খানিকক্ষণ পরে কাজের জন্য বেরিয়ে যেতে হয় প্রধানমন্ত্রীকে। বেরিয়ে আসেন অন্য আধিকারিকরা। ঘটনার পরে অবশ্য আলাদা করে কোনও নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়নি।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গিয়েছে, ধূসর রঙের একটি গাড়ি সটান ধাক্কা মেরেছে দ্বিস্তরীয় গেটে। সাদা চুলওয়ালা এক ব্যক্তিকে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ, তাও দেখা গিয়েছে। যদিও অভিযুক্তের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।প্রসঙ্গত, চলতি সপ্তাহেই হোয়াইট হাউসেও একইরকমভাবে হামলা চালিয়েছিল এক ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়া। তবে এই ঘটনার সঙ্গে তাঁর কোন সংযোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news