নিজস্ব সংবাদদাতাঃ
ক্যানিংঃ বনধ ঘিরে যখন রাজ্যের বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলছে ঠিক তখন অন্য পথে হাঁটলেন দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং ১ মন্ডল বিজেপি নেতৃত্ব। হিংসা, মারামারির পথ অবলম্বন না করে গাঁধীগিরির পথে বনধ-এর সমর্থনে দোকান, ব্যবসা বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করলেন। বিজেপি দলীয় প্রতীক তথা দেশের জাতীয় ফুল পদ্ম ব্যবসায়ীদের হাতে তুলে দিয়ে গাঁধীগিরি দেখালেন বিজেপি কর্মী সমর্থকরা।
বিজেপির এই ব্যবহারে খুশি এলাকার ব্যবসায়ীরা। তাদের দাবি, এলাকায় শান্তির পরিবেশ বজায় রেখে সাধারণ মানুষকে বনধ সমর্থনের জন্য বিজেপির এই আবেদন প্রশংসনীয়। বিজেপির এই অহিংস আবেদনের জেরে অনেকেই এদিনের জন্য তাদের ব্যবসা বা দোকানপাট বন্ধ রাখেন। এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা সঞ্জয় নায়েক বলেন, ‘আমরা হিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। নির্বিচারে ছাত্রদের গুলি করে খুনের প্রতিবাদে আমাদের ১২ ঘণ্টা বাংলা বনধের কর্মসূচী সকাল থেকেই পালন করছি। সাধারণ মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। যারা বনধ উপেক্ষা করে পথে নেমেছেন, দোকান খুলেছেন তাদেরকে আমরা অনুরোধ করেছি বনধ পালন করার জন্য।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news