ওয়েব ডেস্কঃ
ক্যান্সার রোধে আরও এক ধাপ এগিয়ে গেল আধুনিক চিকিত্সা বিজ্ঞান। সাধারণত প্রাথমিক পর্যায়ে শনাক্ত করলে তবেই একমাত্র এই রোগ থেকে মুক্তি পান রোগী। তবে বেশির ভাগ ক্ষেত্রেই ক্যানসার সনাক্ত হয় তৃতীয় বা চতুর্থ পর্যায়ে। এই পরিস্থিতিতে ক্যান্সারের চিকিত্সা বা মোকাবিলা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।
দীর্ঘদিন ধরেই ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কারের চেষ্টায় অবিরাম গবেষণা করে চলেছেন বিজ্ঞানীরা। এ বার তার পরীক্ষামূলক প্রয়োগ করা হল কুকুরের উপর। বিজ্ঞানীদের বিশ্বাস, এই পরীক্ষা সফল হলে তা কার্যকর হতে পারে মানুষের শরীরেও।
দীর্ঘ ১২ বছরের গবেষণার পর এক দল মার্কিন বিজ্ঞানী আবিষ্কার করেছেন ক্যান্সারের প্রতিষেধক যা কেমোথেরাপি, ইমিউনোথেরাপি ছাড়াই শরীরে ক্যান্সারের কোষের বৃদ্ধি বন্ধ করতে সক্ষম। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অবস্থিত ‘বায়ো ডিজাইন ইনস্টিটিউট’-এর একদল বিজ্ঞানী নিলেন ক্যান্সার প্রতিরোধে প্রথম পদক্ষেপ। পরীক্ষার জন্য তাদের অভিভাবকদের অনুমতি নিয়ে মোট ৮০০টি কুকুর বেছে নেওয়া হয়। প্রাথমিক নানা স্বাস্থ্য পরীক্ষার পর ৮০০টি কুকুরকে ক্যান্সারের টিকা দেওয়া হয়। এর পর এদেরকে সুনির্দিষ্ট পর্যবেক্ষণের মধ্যে রাখা হবে।
কিন্তু ক্যান্সার প্রতিষেধকের পরীক্ষার জন্য কেন কুকুরকেই বেছে নেওয়া হল? ‘বায়ো ডিজাইন ইনস্টিটিউট’-এর গবেষক স্টিফেন জনস্টন ও ডুগ থ্যাম জানান, কুকুর আর মানুষের শরীরের প্রকৃতি অনেকটা এক। মানুষ আর কুকুরের শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ার ধরণও প্রায় একই রকম। তাই কুকুরের শরীরে যদি এই প্রতিষেধক কাজ করে, তাহলে মানুষের শরীরেও ক্যান্সারের কোষের বাড়-বৃদ্ধি ঠেকাতে সক্ষম হবে এটি। এখন এই প্রতিষেধকের সাফল্যের দিকে তাকিয়ে বিজ্ঞানী থেকে লক্ষ লক্ষ সাধারণ মানুষ। কারণ, এই টিকার প্রয়োগ সফল হলে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই অনেকটাই সহজ হয়ে যাবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news