চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
তিন কৃষি আইন বাতিল করার প্রস্তুতি শুরু করে দিল কেন্দ্রীয় সরকার। গুরু নানকের জন্মতিথিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আইন প্রত্যাহারের কথা জানিয়ে দিয়েছিলেন। এবার সেই বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের বিষয়ে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। ২৯ নভেম্বর সংসদে শীতকালীন অধিবেশন শুরু হবে। সূত্রের কেন্দ্রীয় সরকার সেখানেই তিন কৃষি আইন প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে। কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর লোকসভাতে প্রথমে এই বিষয়টি উত্থাপন করবেন। তারপর তা সংখ্যা গরিষ্ঠতার জোরে পাশ করানো হবে। রাজ্যসভায় এই তিন বিল বাতিল করার জন্য উদ্যোগী হবে সরকার। সামনেই উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া-সহ বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোট। সেদিক তাকিয়ে এমন দ্রুত সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
প্রধানমন্ত্রীর মৌখিক ঘোষণায় আস্থা নেই কিসান মোর্চার। এমন পরিস্থিতিতে আইন প্রত্যাহারে দ্রুত পদক্ষেপ চাইছে কেন্দ্রীয় সরকার। নিয়মানুযায়ী, নতুন আইন এনে তবে পুরনো আইন প্রত্যাহার করা যায়। সেই কারণে প্রথমে মন্ত্রিসভায় নতুন আইন পাশ করাতে হবে। তারপরে সংসদের দুই কক্ষে সেটা পাশ করাতে হবে। তারপরে যাবে রাষ্ট্রপতির কাছে সম্মতির জন্য। সেখান থেকে সবুজ সংকেত পেলে তবে পুরনো আইন ফিরিয়ে আনা যাবে। প্রধানমন্ত্রীর ঘোষণার পরেও আন্দোলনের রাস্তা থেকে সরেননি কৃষকরা। তাঁদের মতে, সংসদে আইন প্রত্যাহার করার পরেই তাঁরা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news