ওয়েব ডেস্ক:
ইট দিয়ে থেতলে নয়, গুলি করে খুন করা হয়েছে ইন্সপেক্টর সুবোধ কুমার সিং-কে। তার আগে অবশ্য সুবোধের মাথায় ইটের আঘাত লাগে। আহত সুবোধকে তাঁর গাড়ির চালক দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু উন্মত্ত জনতা তাড়া করলে চালক নিজের প্রাণ বাঁচিয়ে পালায়। সব মিলিয়ে উত্তরপ্রদেশের বুলন্দশহরে গতকালকের তাণ্ডবের পর একে একে নতুন তথ্য উঠে আসছে। প্রথমে জানা গিয়েছিল বেআইনি কষাইখানা বন্ধ করার দাবিতে স্থানীয় জনতা বিক্ষোভ দেখাতে এসেছিল থানায়। তারপর জানা যায় স্থানীয় একটি বাগানে ২৫টি গরুর দেহাংশ পড়ে আছে এমন গুজব ছড়ালে খেপে ওঠে জনতা। তারা পথ অবরোধ করে। সেই অবরোধ তুলতে গেলেই পুলিশের উপর ইট বৃষ্টি শুরু হয়। এরপর উত্তেজিত জনতা চড়াও হয় থানায়। ধ্বংসলীলা চালায়। যাই হোক, কোনও কোনও মহল প্রশ্ন তুলছে ইন্সপেক্টর সুবোধ কুমার সিং-কে হত্যা কি পূর্ব পরিকল্পিত?
জানা গিয়েছে সুবোধ ছিলেন আখলাখ খুনের তদন্তকারী অফিসার। এইসঙ্গে গতকালকের ঘটনায় রাজনৈতিক রঙও লেগে গেছে সরাসরি। কারণ পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে বজরং দলের স্থানীয় নেতা যোগেশ রাজ, (পুলিশ খুনের ঘটনায় এফআইআর-এ যাকে প্রধান অভিযূক্ত বলা হয়েছে), বিজেপির যুব সংগঠনের নেতা শিখর আগরওয়াল এবং ভিএইচপি কর্মী উপেন্দ্র রাঘবকে।
এদিকে নিহত ইনস্পক্টরের কিশোর পুত্র বলেছে, আমার বাবা চাইতেন আমি যেন সুনাগরিক হই। যারা ধর্মের নাম করে হিংসা ছড়ায় আমি যেন তাদের মত না হই। হিন্দু-মুসলমানের অশান্তি থামাতে গিয়ে আমার বাবা খুন হয়েছেন। জানি না আগামী দিনে আর কার বাবা প্রাণ হারাবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news