ওয়েব ডেস্ক:
নাছোড় বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে হার মানলেন চিকিৎসকেরা। অবশেষে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ছুটি দিল হাসপাতাল। সোমবার পাম অ্যাভিনিউর বাড়িতে ফেরেন বর্ষিয়াণ বাম নেতা। হাসপাতাল সূত্রে খবর, আরও কটাদিন তাঁকে হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু বুদ্ধবাবুর নাছোড় জেদের কাছে হার মানেন চিকিৎসকরা।
প্রসঙ্গত, হাসপাতাল বরাবরই তাঁর অপছন্দের জায়গা। সেই মতো বুদ্ধবাবুর চিকিৎসার যাবতীয় ব্যবস্থা তাঁর বাসভবনেই করা হয়েছিল। কিন্তু শুক্রবার গুরুতর অসুস্থ হয়ে পড়ায় বাধ্যতামূলক হাসপাতালে ভর্তি করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। তবে খানিকটা সুস্থ হতেই বাড়ি ফেরার জন্য অস্থির হয়ে ওঠেন বুদ্ধবাবু।
রবিবার বুদ্ধদেবকে হাসপাতালে দেখতে যান বিমান বসু। বিমানবাবুকে দেখেই ফের বাড়ি ফেরার আবদার জানান বুদ্ধদেব। কোনওমতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিরস্ত করেন বিমান। কিন্তু কার্যত মেডিক্যাল বোর্ডের পরামর্শ উপেক্ষা করে আজই হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকেরা জানিয়েছেন, নিউমোনিয়ার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। তবে এখনও দেওয়া হচ্ছে বাইপ্যাপ। অ্যান্টিবায়োটিকও চলবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news