সূর্য সরকার । কাটমানির আঁচ এবার কলকাতায়। মমতার মন্ত্রিসভার বর্ষীয়ান মন্ত্রী সাধন পান্ডের বিরুদ্ধে পড়ল কাটমানির পোস্টার। তৃণমূলের একাংশ এই অস্ত্রের বিরুদ্ধে অভিযোগ তুলছে বিজেপির বিরুদ্ধে। আবার অন্য অংশের মত এই পোস্টার পরিকল্পনা পরেশ পাল বনাম সাধন পান্ডে গোষ্ঠী রাজনীতির ফসল। মঙ্গলবার সকালে পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। উল্টোডাঙ্গা মুরারিপুকুর এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার। সাধন পান্ডের পাশাপাশি তাঁর বিধানসভা এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অমল চক্রবর্তীর নামও রয়েছে সেই পোস্টারে। সাধন পান্ডের মদতে এই কাউন্সিলার কাটমানি নিত বলে এই অভিযোগে পোস্টার সাঁটানো হয়েছে মানিকতলার বিভিন্ন জায়গায়। কাটমানি ফেরত পোস্টারের নিচে বিজেপি জিন্দাবাদের সঙ্গে মুকুল রায় ও দিলীপ ঘোষ জিন্দাবাদ লেখা হয়েছে। ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি থাকায় তাঁর প্রতিক্রিয়া মেলেনি। কিন্তু অমল চক্রবর্তী জানিয়েছেন, পোস্টার পড়েছে শুনেছি কিন্তু সেটা বিজেপি ফেলেনি। এটা অন্য কেউ চক্রান্ত করেছে। অমলের দাবি, তিনি এলাকার বিজেপি নেতাদের জিজ্ঞাসা করে দেখেছেন। তাঁরা এসব পোস্টার লাগাননি। তাহলে পোস্টার মারলো কারা ? প্রশ্ন উঠছে তৃণমূলের অন্দরমহলেই। সাধন পাণ্ডে গোষ্ঠীর দাবি, কাটমানি ইস্যুকে সামনে রেখে দলের মধ্যে বিরোধী গোষ্ঠী এসব চক্রান্ত করছে। কারণ এলাকার বিজেপি নেতারাও জানেন যে সাধন পান্ডে এ ধরণের কাজের সঙ্গে যুক্ত নন। তাহলে কি সাধন গোষ্ঠীর তীর বেলেঘাটার বিধায়ক পরেশ পালের দিকে? উত্তর মেলেনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news