ওয়েব ডেস্ক:
আস্থা ভোট নিয়ে ধুন্ধুমার বনগাঁ পুরসভায়। দুই বিজেপি কাউন্সিলর ঢুকতেই পারল না পুরসভার অন্দরে। তাঁদের পুরসভায় ঢুকতে বাঁধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এদিকে তৃণমূলের দাবি, তারা আস্থা ভোটে জিতে পুর বোর্ড দখলে নিয়েছে। তাদের আরও বক্তব্য, বিজেপির কাউন্সিলরদের জন্য অপেক্ষা করা হয়েছিল, কিন্তু তাঁরা আসেননি।
উল্টো দিকে বিজেপি কাউন্সিলররা অভিযোগ করেন, জোর করে তাঁদের আস্থা ভোটে উপস্থিত থাকতেই দেয়নি শাসক দল। এই ঘটনায় চরম উত্তেজনা তৈরি হয়েছে বনগাঁ পুরসভার সামনে। ১৪৪ ধারার মধ্যেই শুরু হয়ে গিয়েছে ধুন্ধুমার। তৃণমূল পুরবোর্ডের দখল নিয়েছে জানাজানি হওয়ার পরে অশান্তি আরও বাড়ে। এদিকে হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও অপহরণে অভিযুক্ত দুই বিজেপি কাউন্সিলরকে পুরসভার ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে সকাল থেকেই পুরসভার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা।
জানা গিয়েছে, যখন আস্থা ভোট হয়, তখন পুরসভার ভিতরে তৃণমূলের ৯ জন, বিজেপির ৯ জন ও কংগ্রেসের ১ জন কাউন্সিলর ছিলেন। কংগ্রেস কাউন্সিলর তৃণমূলকে সমর্থন করবেন বলে জানা গিয়েছিল। সেই হিসেবেই পুর বোর্ড দখল করে তৃণমূল। যদিও বিজেপির দু’জন কাউন্সিলর তখনও পুরভবনের বাইরে। এমত অবস্থায় কী করে আস্থা ভোট হয়, তৃণমূল কোন নৈতিকতায় পুরসভা দখল নিল, প্রশ্ন তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। সব মিলিয়ে উত্তেজনা এখনও চরমে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news